সিআইইউতে শেষ হলো শিক্ষার্থীদের স্কিল ট্রেনিং প্রকল্প
চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) টপ আপ আইটি অ্যান্ড আইটিএস ফাউন্ডেশনের স্কিল ট্রেনিং প্রকল্প শেষ হয়েছে।
গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রকল্প শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ে পাঠ কক্ষে এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হয়।
সিআইইউ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকার ও পরামর্শক সংস্থা ‘আর্নস্ট অ্যান্ড ইয়ং’ এর যৌথ উদ্যোগে পরিচালিত এই ট্রেনিং প্রকল্পে অর্থায়ন করে বিশ্বব্যাংক। প্রকল্পটিতে অংশ নেয় ২৯ জন শিক্ষার্থী।
এতে আরও বলা হয়, ভারতীয় প্রশিক্ষকরা এ প্রকল্পে প্রশিক্ষণ দেন এবং প্রশিক্ষাণার্থীরা যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সনদ লাভ করবেন।
গত বছরের ১৭ নভেম্বর তারিখে বাংলাদেশ সরকারের পক্ষে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), আর্নস্ট অ্যান্ড ইয়ং ও সিআইইউ’র ত্রিপক্ষীয় চুক্তির ভিত্তিতে বেসরকারি এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রকল্পে অংশগ্রহণের সুযোগ লাভ করে বলে জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা রাসেল ইউসুফী।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিআইইউ’র উপাচার্য অধ্যাপক মাহফুজুল হক চৌধুরী।
এতে প্রকল্পের সফট স্কিল বিষয়ক প্রশিক্ষক সুগাতা চৌধুরী, ডিজিটাল মার্কেটিং বিষয়ক সিনিয়র ট্রেইনার রাহুল দত্ত, ব্যবসায় অনুষদের উপদেষ্টা অধ্যাপক এম আইয়ূব ইসলাম ও প্রশিক্ষণার্থীদের পক্ষে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ছাত্র হেলাল উদ্দিন চৌধুরী বক্তব্য রাখেন।
