২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গরুর হাটে অজ্ঞান পার্টি ঠেকাতে পদক্ষেপ পুলিশের

চট্টগ্রামে গরুর হাটে অজ্ঞান পার্টির দৌরাত্ম্য ঠেকাতে হাটের আশপাশের খাবার দোকানিদের পরিচয়পত্র দেওয়ার জন্য ইজারাদারদের আহবান জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2016, 10:20 PM

Updated : 20 Aug 2022, 01:34 PM

বৃহস্পতিবার ব্যাংক কর্মকর্তা, হাট ইজারাদার  ও সংশ্লিষ্টদের সাথে বৈঠকে এ আহ্বান জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার ইকবাল বাহার। 

চট্টগ্রাম নগরী ও আশপাশে মোট ১০টি গরুর হাট রয়েছে। তার মধ্যে আটটি চট্টগ্রাম সিটি করপোরেশনের ও দুইটি করপোরেশন এলাকার বাইরে।

সিএমপি থেকে পাওয়া তথ্যানুযায়ী, চট্টগ্রামের সবেচেয়ে বড় দুটি হাট পাহাড়তলী থানার সাগরিকা এবং পাঁচলাইশ থানার বিবিরহাট গরুর বাজার। 

কোরবানির ঈদে অস্থায়ীভাবে বাকলিয়া থানার নূর হাউজিং এস্টেটে কর্ণফুলী পশু বাজার, পতেঙ্গা থানার স্টিল মিল বাজার, পতেঙ্গা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় মাঠ, ডবলমুরিং থানার পোস্তার পাড়া সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় মাঠ, বন্দর থানার সল্টগোলা রেল ক্রসিং মাঠ ও ইপিজেড থানার কমল মহাজন হাটে পশুর বাজার বসে।

সিটি করপোরেশনের বাইরে কর্ণফুলী থানা এলাকায় মইজ্জ্যার টেক ও ফকিরনীর হাট এলাকায়ও দুটি অনুমোদিত গরুর বাজার বসবে।

সিএমপি কমিশনার ইকবাল বাহার হাটে জেনারেটরের ব্যবস্থা, সচেতনতামূলক প্রচারণা এবং হাসিলের সুনির্দিষ্ট হারের তালিকা টাঙানোরও অনুরোধও ইজারাদারদের জানান।

সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়া এবং রাস্তার উপর হাট না বসানোর নির্দেশনা দেওয়ার পাশাপাশি এসব হাটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার ওসিদের নির্দেশনা দেন কমিশনার।

পাশাপাশি তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করার জন্য সিটি করপোরেশনকে অনুরোধ করেন তিনি।

ইকবাল বাহার জানান, প্রতিটি হাটে অস্থায়ী পুলিশ ক্যাম্প, সাদাপোশাকে পুলিশের নজরদারি, ওয়াচ টাওয়ার, আটটি সচেতনতামূলক স্লোগান সম্বলিত পুলিশের নিজস্ব ব্যানার, ভেটেরিনারি ভিজিল্যান্স টিম (পশু ডাক্তার) রাখা হবে।

পাশাপাশি জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপন ও সান্ধ্যাকালীন ব্যাংক চালুর জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি অনুরোধ জানান কমিশনার।

এদিকে সুনির্দিষ্ট কোন অভিযোগ ছাড়া কোরবানীর পশুবাহী ট্রাক না থামানোরও জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দেন ইকবাল বাহার।

সভায় সিএমপি’র বিভিন্ন কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা ও হাট ইজারাদাররা উপস্থিত ছিলেন।

এদিকে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর সভায় জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, চট্টগ্রাম জেলায় লাইভ স্টক অফিসারদের পাশাপাশি ৫৯ জন ভেটেরিনারি সার্জন এবং দুইটি ভ্রাম্যমান আদালত দায়িত্ব পালন করবে।

সভায় চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা গত বছর সন্দ্বীপে গরুর হাটে ইজারা নিয়ে দুই খুনের বিষয়টি উল্লেখ করে এবছর সন্দ্বীপে অতিরিক্ত পুলিশ মোতায়েনের কথা জানান।