সিসিসি’র স্কুল-কলেজের মান উন্নয়নে পরিকল্পনা প্রকাশ
নিজেদের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক মান উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা প্রকাশ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।
সিসিসি’র শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির এক বছর পূর্তিতে এ পরিকল্পনার বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক।
তিনি বলেন, সিসিসি’র আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় কোনো স্বতন্ত্র নীতিমালা ছিল না। আমরা একটা স্বতন্ত্র নীতিমালা প্রণয়নের কাজ করছি। চার পাঁচ মাসের মধ্যে সেটি আমরা হাতে পেয়ে যাব।
গত এক বছরে নেওয়া কয়েকটি উদ্যোগের কারণে সিসিসি’র শিক্ষা প্রতিষ্ঠানের এসএইচসি ও এসএসসিতে শিক্ষার্থীদের সাবির্ক ফলাফল ভালো হয়েছে বলে জানান ডিউক।
তিনি বলেন, “তাই আমরা এক বছর পূর্তিতে আরও কিছু পরিকল্পনা হাতে নিয়েছি, যেগুলো বাস্তবায়ন হলে সিসিসি’র শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনন্য দৃষ্টান্ত হয়ে উঠবে চট্টগ্রাম নগরীতে।”
আগামী এক বছরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অটোমেশনের আওতায় আনা, অবকাঠামোগত সংস্কার ও মেরামত, স্কুল-কলেজে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে ডিজিটাল পদ্ধতি প্রবর্তন ও ক্যাম্পাস ভিত্তিক স্বাস্থ্যসেবা আগামী এক বছরের মধ্যে চালু করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
এছাড়াও শিক্ষকদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরি স্থাপন, ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য সুপেয় পানি ব্যবস্থা করাও পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
জঙ্গিবাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরিতে সাংস্কৃতিক স্কোয়াডও গঠন করা হবে বলে নাজমুল হক ডিউক জানান।
অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন সিসিসি’র প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন।
এছাড়া অন্যদের মধ্যে কাউন্সিলর গিয়াস উদ্দিন, মো. সলিম উল্লাহ, আনজুমান আরা বেগম ও সৈয়দা কাশফিয়া নাহরিন ও ফারহানা জাবেদ উপস্থিত ছিলেন।
