চট্টগ্রামে আড়াই লাখ টাকার জাল নোটসহ দম্পতি গ্রেপ্তার
চট্টগ্রামের হালিশহর থেকে আড়াই লাখ টাকার জাল নোটসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বসুন্ধরা আবাসিক এলাকার এক নম্বর সড়কের বসুন্ধরা টাওয়ার থেকে সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার জসিম (৩২) ও তার স্ত্রী বিবি তাসলিমা আক্তার (২৬) বোয়ালখালী উপজেলার পশ্চিম গুমদণ্ডির বাসিন্দা।
মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (বন্দর) মারুফ হোসেন বলেন, এই দম্পতির বিরুদ্ধে জাল টাকা তৈরির অভিযোগে বিভিন্ন থানায় কয়েকটি মামলা আছে।
তাদেরকে চট্টগ্রামের জাল নোট ব্যবসার মূল হোতা দাবি করে তিনি বলেন, “গত সাত-আট বছর ধরে তারা জাল নোটের ব্যবসা করে আসছে।
“তাদের কাছ থেকে ২৬০টি এক হাজার টাকার জাল নোট ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।”
চট্টগ্রাম ছাড়াও ফেনী, নোয়াখালী ও কক্সবাজারে তাদের জাল নোট ব্যবসা আছে বলে মারুফ হোসেন বলেন।
জসিম ছাড়াও চট্টগ্রামে জাল নোট সরবাহকারী আরও একটি চক্র সক্রিয় রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মারুফ বলেন, ঈদকে সামনে রেখে গরুর বাজারে জাল টাকা রোধে পুলিশের নজরদারির মধ্যে জসিম ও তার স্ত্রী ধরা পড়েন।
“একটি সিন্ডিকেটের মাধ্যমে তারা জাল টাকা বেচাকেনা করে আসছিল।”
গোয়েন্দা পুলিশ জানায়, চট্টগ্রামে জাল নোট বিক্রিতে মূলত দুটি চক্র সক্রিয়। একটির নেতৃত্বে জসিম এবং অন্যটির নেতৃত্বে মাসুদ ও মনির নামে দুজন।
লাভের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে বছর খানেক আগে তারা আলাদা হন বলে জানান গোয়েণ্দা কর্মকর্তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে আমরা জেনেছি, ঢাকার মিরপুর ও সায়দাবাদ এলাকা থেকে কারবারিরা জাল টাকাগুলো কিনে চট্টগ্রাম নিয়ে আসে।
“তারা এক হাজার টাকার ৫০০টি নোট কিনে আনে ৪০ হাজার টাকায়। আর সময়ভেদে এক লাখ থেকে দেড় লাখ টাকায় তারা বিক্রি করে।”
এ চক্র দুটিতে পাঁচ থেকে ছয়জন করে সদস্য আছে বলেও গোয়েন্দা পুলিশের সদস্যরা জানান।
গোয়েন্দা পুলিশের এসআই শিবেন বিশ্বাস বলেন, “চট্টগ্রামে আগে জাল টাকা নিয়ে গ্রেপ্তার বিভিন্ন জনের কাছ থেকে জসিমের নাম পাওয়া গেছে। নিজের ঘনিষ্ঠ লোকদের মাধ্যমে সে টাকাগুলো বাজারে ছড়ায়।”
