২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেলের আগাম টিকেট: প্রথম দিন ভিড় নেই চট্টগ্রামে

কোরবানির ঈদকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রির প্রথম দিনে চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যের জন্য নির্ধারিত আসনের এক-চতুর্থাংশ টিকেট বিক্রি হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2016, 08:08 PM

Updated : 11 Oct 2022, 08:39 PM

সোমবার চট্টগ্রাম রেল স্টেশনে সকাল ৮টা থেকে ৭ সেপ্টেম্বরের যাত্রার জন্য টিকেট বিক্রি শুরু হয়।

পূর্বাঞ্চলীয় রেলওয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রথম দিন কাউন্টারে বিক্রির জন্য রাখা চার হাজার ৬০২টি টিকেটের মধ্যে বিক্রি হয়েছে এক হাজার ১৩৬টি টিকেট।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকেট বিক্রির সময় নির্ধারিত ছিল বলে জানান তিনি।

প্রথম দিন চট্টগ্রাম রেলস্টেশনে ছয়টি কাউন্টার থেকে যাত্রীদের টিকেট দেওয়া শুরু হয়। এদিন ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চাঁদপুরের বিভিন্ন গন্তব্যে দশটি ট্রেনের টিকেট দেওয়া হয়।    

অন্যান্যবার টিকেটের জন্য রাত থেকে দীর্ঘ অপেক্ষা দেখা গেলেও সোমবার চট্টগ্রাম রেল স্টেশনে টিকেট প্রত্যাশীদের উপস্থিতি ছিল একেবারে নগণ্য।

স্টেশনে আসা বেসরকারি বিশ্ববিদ্যালয় আইআইইউসির শিক্ষার্থী মো. হাছান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাঁদপুরগামী ট্রেনের টিকেট নিতে আসলাম। এবারের মত ফাঁকা স্টেশন কখনো দেখিনি। 

টিকেট প্রত্যাশীদের লাইন না থাকায় সরাসরি কাউন্টার থেকে টিকেট পেয়ে সন্তোষ প্রকাশ করেন হাছান।

রেলস্টেশনের ছয়টি কাউন্টারে বিক্রির জন্য রাখা টিকেটের ৮০ শতাংশ বেলা ১১টা পর্যন্ত অবিক্রিত ছিল।

৭ সেপ্টেম্বরে সরকারি অফিস খোলা থাকায় প্রথম দিন টিকেট বিক্রিতে যাত্রীদের সাড়া মেলেনি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে মন্তব্য করেন চট্টগ্রাম রেলস্টেশনের স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ।

তবে পরদিন থেকে যাত্রীদের ভিড় বাড়তে পারে আশা প্রকাশ করে আবুল কালাম আজাদ জানান, ঈদ উপলক্ষে চট্টগ্রাম-চাঁদপুরে রুটে দুটি বিশেষ ট্রেন ছাড়া হবে।

প্রথম দিন ১০টি ট্রেনের মধ্যে ঢাকাগামী সুবর্ণতে ৫২২টি, তূর্ণাতে ৫২৩, সোনার বাংলায় ৩০৯, চট্টলায় ৩২৭, মহানগর এক্সপ্রেসে ৫৮৫ ও মহানগর গোধূলীতে ৫৫৮টি টিকেট বিক্রির জন্য নির্ধারিত রাখা হয়।

এছাড়া সিলেটগামী উদয়নে ৩২০টি, পাহাড়িকায় ৪০৮টি ও ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসে ৪১৯টি ও মেঘনায় ৬৩১টি টিকেট বিক্রির জন্য রাখা হয়।

আগামী ৩০ শে অগাস্ট দেওয়া হবে ৮ সেপ্টেম্বরের টিকেট, ৩১ অগাস্ট পাওয়া যাবে ৯ সেপ্টেম্বরের, ১ সেপ্টেম্বর পাওয়া যাবে ১০ সেপ্টেম্বর ও ২ সেপ্টেম্বর মিলবে ১২ সেপ্টেম্বরের টিকেট।