সাতকানিয়ায় অস্ত্র-গুলিসহ সাত জন গ্রেপ্তার
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা থেকে অস্ত্র ও গুলিসহ সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তাররা ডাকাত দলের ‘সক্রিয় সদস্য’।
রোববার রাতে ঢেমশা ইউনিয়নে ডাকাতির প্রস্তুতি কালে তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার গভীর রাত থেকে সোমবার ভোর পর্যন্ত উপজেলার ঢেমশা ও আমিলাইশ ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে তিনটি এক নলা বন্দুক, একটি এলজি, ২৪টি কার্তুজ, একটি কিরিচ ও দুইটি ছুরি উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মহসিন কায়সার (৪৮), আবুল কাশেম (৪০), শংকর চৌধুরী (৫২), মো. জাহাঙ্গীর আলম (৩২), মো. সামশুল আলম ওরফে শমশু (৪৮), জাকির হোসেন (৩৫), মো. মনির (২৫)।
সোমবার বিকালে নগরীতে চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, রোববার রাতে ঢেমশা ইউনিয়নের নাপিতের চর এলাকায় একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানা পুলিশের একটি দল অভিযানে যায়।
“সেখান থেকে মহসিন, কাশেম, শংকর ও জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হলেও আরও কয়েকজন পালিয়ে যায়।”
ওই এলাকা থেকে পুলিশ একটি এক নলা বন্দুক, একটি এলজি, ১৮টি কার্তুজ, একটি কিরিচ ও দুইটি ছোরা উদ্ধার করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা হাবিবুর।
তিনি আরো বলেন, সোমবার ভোরে গ্রেপ্তার চার জনকে নিয়ে আমিলাইশ ইউনিয়নের পশ্চিম ডলু এলাকায় অভিযান চালিয়ে পালিয়া যাওয়া সামশুল, জাকির ও মনিরকে গ্রেপ্তার করা হয়।
তাদের দেখানো দেওয়ান পুকুর পাড়ে মাটি খুঁড়ে আরও তিনটি এক নলা বন্দুক ও ছয়টি কার্তুজ উদ্ধার করা হয় বলে জানান হাবিবুর।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় ডাকাতির প্রস্তুতি আইনে একটি মামলা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) রেজাউল মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মসিউদৌল্লাহ রেজা।
