মহাসড়কে ট্রাকের ধাক্কায় নসিমন চালক নিহত
সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মালবাহী ট্রাকের ধাক্কায় এ নসিমন চালক নিহত হয়েছেন।
রোববার বাঁশবাড়িয়া বাজারে চট্টগ্রামমুখী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা নসিমনটিকে ধাক্কা দেয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
নিহত বিন চন্দ্র দাশ (৩০) বাঁশবাড়িয়া এলাকার বণিক পাড়ার বাসিন্দা।
শ্যালো ইঞ্জিন চালিত যান নসিমন মহাসড়কে নিষিদ্ধ হলেও বাংলাদেশের প্রায় সব এলাকায় তা চলতে দেখা যায়।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বিশ্বান্তর বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রামমুখী ট্রাকটি বাঁশবাড়িয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অপেক্ষমাণ নসিমনটিকে ধাক্কা দেয়।”
ট্রাকের ধাক্কায় নসিমনে থাকা চালক বিন চন্দ্র দাশ গুরুতর আহত হলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান বিশ্বান্তর।
তিনি বলেন, “দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে যায়।”
