চট্টগ্রাম মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের হামলার শিকার কারারক্ষী
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এক হাজতিকে চিকিৎসক দেখানো নিয়ে শিক্ষানবিশ চিকিৎসকদের হামলার শিকার হয়েছে এক কারারক্ষী।
হামলার শিকার কারারক্ষীর নাম মো. দেলোয়ার।
বুধবার সকালে হাসপাতালের নতুন ভবনে চক্ষু ও নাক, কান, গলা বিভাগের কাছে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
তারা বলছেন, সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ছাত্রলীগের সভাপতি ও ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক রাশেদুল হাসানের নেতৃত্বে কয়েকজন শিক্ষানবিশ চিকিৎসক এই কারারক্ষীকে মারধর করে।
তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি কেউ।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মো. মাহবুবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে পুলিশের সহায়তায় এক হাজতিকে হাসপাতালে নাক, কান, গলা বিভাগে চিকিৎসার জন্য নিয়ে যান দেলোয়ার।
“দেলোয়ার তাকে দ্রত বিদায় করে দিতে বললে ইন্টার্ন ডাক্তারদের সাথে তার ‘কথাকাটাকাটি’ হয়।”
কারা কর্মকর্তা মাহবুবুল বলেন, তবে ইন্টার্ন চিকিৎসকরা কারারক্ষী দেলোয়ারের বিরুদ্ধে তাদের সঙ্গে ‘অশোভন আচরণ’র অভিযোগ করেছেন।
এদিকে ঘটনার সঙ্গে নিজের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ছাত্রলীগ নেতা রাশেদুল হাসান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমি শুনেছি ওই কারারক্ষী স্লিপ নিয়ে নাক, কান, গলা বিভাগে প্রবেশ করে। এসময় চিকিৎসা দেওয়ার কাজে থাকা আমাদের এক স্যার (চিকিৎসক) স্লিপ সরিয়ে নিতে বললে সে অশোভন আচরণ করে।”
তিনি বলেন, “কারারক্ষীর অশোভন আচরণের প্রতিবাদ করায় স্যারের সাথে থাকা আমাদের এক ইন্টার্ন চিকিৎসককে ওই কারারক্ষী ‘ঘুষি’ মারে।”
ঘটনার বিচার দাবি ও ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে তারা চমেক হাসপাতাল পরিচালকের সাথে বৈঠক করেছে বলেও জানান রাশেদুল হাসান।
এদিকে শিক্ষানবিশ চিকিৎসকরা কারারক্ষী দেলোয়ারের বিরুদ্ধে কারা কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিয়েছে জানিয়ে মাহবুবুল বলেন, “আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। দায়ী হলে ব্যবস্থা নেওয়া হবে।”
গত ১৭ ফেব্রুয়ারি এক মোটরসাইকেল আরোহীর ওপর হামলার ছবি তুলতে গেলে দৈনিক প্রথম আলোর ফটো সাংবাদিক জুয়েল শীলের ওপর হামলা চালিয়েছিল রাশেদের নেতৃত্বে ছাত্রলীগকর্মীরা।
