২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঘাপলামুক্ত’ উত্তরাধিকার আইনের দাবি

অর্পিত সম্পত্তি আইন হলেও ‘নানা ধরনের হয়রানি চলছে’ অভিযোগ করে চট্টগ্রামের জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতারা বলেছেন, সরকার যে উত্তরাধিকার আইনের কথা বলছে, তা ‘ঘাপলামুক্ত’ হবে বলেই তারা আশা করছেন। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2016, 10:08 PM

Updated : 20 Aug 2022, 01:30 PM

জন্মাষ্টমী সামনে রেখে মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সম্ভাব্য উত্তরাধিকার আইন নিয়ে কথা বলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি দেবাশীষ পালিত।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেবাশীষ পালিত বলেন, তাদের দাবিতে সরকার অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন করলেও সে আইন বাস্তবায়নে নানা ধরনের ‘হয়রানির’ মুখে পড়তে হচ্ছে হিন্দু সম্প্রদায়ের নাগরিকদের।

“অর্পিত সম্পত্তি আইনে আমরা দেখছি ঘাপলা। আমরা আইন হোক সেটা চাই। কিন্তু ঘাপলা রেখে আইন চাই না।”

নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রী কৃষ্ণের আর্বিভাবের দিন জন্মাষ্টমী উদযাপিত হবে বৃহস্পতিবার। এ উপলক্ষে সোমবার গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, হিন্দু সম্প্রদায়ের সম্পত্তির উত্তরাধিকার বজায় রাখতে ‘উত্তরাধিকার আইন’ করার কথা বলেন।

ওই অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আপনারা যদি একতাবদ্ধ হয়ে এই উত্তরাধিকার আইন করতে চান, আপনারাই মিলিতভাবে আইনটা করে দেবেন। যেহেতু আপনাদের ধর্ম, আমরা এটা পাস করে দেব, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা আপনাদেরকেই করতে হবে।”

দেবাশীষ পালিত এ বিষয়ে সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে উত্তরাধিকার আইন নিয়ে তাদের কথা হয়েছে।

“আমরা একমত হলে সেটা তিনি বাস্তবায়ন করবেন। জোর করে সেটা তিনি চাপিয়ে দেবেন না”।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন তালুকদার। তিনি ১১টি দাবি তুলে ধরেন।

সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আলাদা মন্ত্রণালয় গঠন, সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির-মঠ ও বাড়িঘর, ব্যবসা-প্রতিষ্ঠানে হামলায় জড়িতদের ‘মানবতাবিরোধী’ হিসেবে চিহ্নিত করে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করার দাবিও রয়েছে এর মধ্যে।

সারাদেশে বেদখল হওয়া মঠ-মন্দির ও দেবোত্তর সম্পত্তি উদ্ধার এবং তা সংরক্ষণে আইন প্রণয়ন, হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজায় চার দিনের সরকারি ছুটি ঘোষণা করার দাবি জানিয়েছে জন্মাষ্টমী উদযাপন পরিষদ।

সংগঠনটি বলছে, অর্পিত সম্পত্তি সংশোধনী আইন ‘সঠিকভাবে’ বাস্তবায়নের পাশাপাশি দেশের প্রতিটি জেলায় শ্রীকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠায় সরকারি জায়গা বরাদ্দ করতে হবে।

সংবাদ সম্মেলনে জন্মাষ্টমী উপলক্ষে চার দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০টায় ‘মহা শোভাযাত্রার’ মধ্য দিয়ে শুরু হবে চার দিনের অনুষ্ঠান।

দুপুরে হবে মাতৃ সম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় মহাসম্মেলন ও রাতে ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞের শুভ অধিবাসের আয়োজন থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এছাড়া ২৬ ও ২৭ অগাস্টের আয়োজনে থাকছে দিবা-রাত্রি নাম সংকীর্তন। ২৮ অগাস্ট ভোরে এ আয়োজনের সমাপ্তি ঘটবে।