২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিনের বেলায় বোরকা পরে বাসায় ডাকাতি

চট্টগ্রাম নগরীর কোতোয়ালির একটি বাসায় দিনে দুপুরে ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2016, 07:43 PM

Updated : 20 Aug 2022, 01:30 PM

মঙ্গলবার সকালে কোতোয়ালি থানার রাজাপুকুর লেইনের ওই বাসার এ ঘটনায় ডাকাতরা প্রায় সাত ভরি স্বর্ণাংকার ও নগদ চার লাখ টাকা নিয়ে যায় বলে দাবি ডাকাতির শিকার পরিবারের।

এ বিষয়ে থানায় অভিযোগের পর কোতোয়ালি থানার পুলিশ ইতোমধ্যে বাড়িটি পরিদর্শন করেছে বলে জানান থানার এসআই আক্তার হোসেন।

ডাকাতির শিকার চট্টগ্রাম ইপিজেড’র একটি প্রতিষ্ঠানে কর্মরত সবুজ রায় চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজাপুকুর লেইনের পাঁচতলা ভবনের চার তলায় এ ডাকাতির ঘটনা ঘটে।

তিনি বলেন, “বেলা সাড়ে ১০টার দিকে বোরকা পড়া চার ব্যক্তি বাসার লোহার গেইটের তালা খুলে বাসায় ঢোকে। এরপর আমার স্ত্রী ও ছেলের গলায় ছুরি ও চাপাতি ধরে জিম্মি করে এ ডাকাতির ঘটনা ঘটায়।”

বাসায় প্রবেশ করা চারজনের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী জানিয়ে সবুজের দাবি, ডাকাত দলটি তাদের বাসা থেকে প্রায় সাত ভরি স্বর্ণালংকার ও নগদ চার লাখ টাকা নিয়ে গেছে।

তিনি আরও বলেন, “ভবনের চতুর্থ তলায় আমি ও পঞ্চম তলায় আমার বড় ভাই থাকেন। ডাকাত দল চতুর্থ তলায় আমার বাসায় প্রবেশ করে অমার ছেলের গলায় ছুরি ধরে তাকে হত্যার হুমকি দিয়ে স্ত্রীকে টাকা পয়সা দিতে বলে।

“এসময় ডাকাতরা দুইটি আলমারি খুলে এসব টাকা, স্বর্ণালংকার ও সিম ফেলে একটি মোবাইল সেট নিয়ে গেছে।”

এদিকে ঘটনার পর ওই বাসায় কোতোয়ালি থানা পুলিশের একটি দল পরিদর্শন করেছে।

কোতোয়ালি থানার এসআই আক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বাসাটি পরিদর্শন করেছি। তারা তালা কেটে বাসায় প্রবেশ করেছে বলে মনে হচ্ছে।”

এছাড়া আলমারির দরজাও বাঁকা পাওয়া গেছে বলে জানান তিনি।

এসআই আক্তার বলেন, “সবুজের স্ত্রী আমাদের জানিয়েছে সকালে তিন চারজন লোক তাদের বাসার সামনে ঘোরাঘুরি করতে দেখেছেন।”

বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও জানান এই পুলিশ সদস্য।