২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুভার-ট্রেইলার মালিক শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

টার্মিনাল নির্মাণ ও সিটি করপোরেশনের কর কমানোসহ সাত দফা দাবিতে ডাকা কর্ম বিরতি এক মাসের জন্য স্থগিত করেছে প্রাইম মুভার-ট্রেইলার মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2016, 07:11 PM

Updated : 11 Oct 2022, 08:38 PM

সোমবার বিকালে চট্টগ্রাম নগর ভবনে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে আলোচনার পর সন্ধ্যা সোয়া ৬টায় কর্ম বিরতি স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

পরিষদের যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেয়রের সাথে ফলপ্রসু আলোচনা হয়েছে। তাই এক মাসের জন্য কর্ম বিরতি স্থগিত করেছি।

“মেয়র বলেছেন আগামী এক সপ্তাহের মধ্যে অস্থায়ী টার্মিনালের জন্য স্থান নির্ধারণ করে দেবেন। এছাড়া মুভার ও ট্রেইলারের আলাদা রেজিস্ট্রেশনের বিষয়ে মন্ত্রীর সাথে আলোচনা করে এক মাসের মধ্যে সুষ্ঠু সমাধানেরও আশ্বাস দিয়েছেন।”

সিটি করপোরেশনের বর্ধিত করের বিষয়ে মেয়র একটি গ্রহণযোগ্য সমাধানের আশ্বাস দিয়েছেন বলে জানান গোলাম মাওলা।

এরআগে সাত দফা দাবিতে সোমবার সকাল ৮টা থেকে কর্ম বিরতি শুরু করে পরিষদ। কর্ম বিরতির কারণে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার আনা-নেওয়া বন্ধ হয়ে যায়।

প্রাইম মুভার চালক মালিকদের দাবির মধ্যে রয়েছে- প্রাইম মুভারের জন্য টার্মিনাল নির্মাণ, সিটি করপোরেশনের কর কমানো, প্রাইম মুভার ট্রেইলার অপারেটরদের হেলি লাইসেন্স প্রদান, ‘ওভারলোড নিয়ন্ত্রণের নামে চাঁদাবাজি’ বন্ধ করা এবং মুভার ও ট্রেইলারের আলাদা রেজিস্ট্রেশন বাতিল।

ট্রেইলারের উপর সিটি করপোরেশনের নির্ধারিত কর ছিল ৫০০ টাকা। ২০১৫ সালেল ১৫ ফেব্রুয়ারি থেকে তা বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়।

মুভার (ইঞ্জিনসহ সামনের অংশ) ও ট্রেইলার (কন্টেইনার বহনকারী পেছনের অংশ) একই গাড়ির অংশ হলেও বিআরটিএ আলাদা রেজিস্ট্রেশনের আইন করে।

ট্রেইলারের জন্য চট্টগ্রামে কোনো টার্মিনাল না থাকায় বন্দরে প্রবেশের সময় গাড়িগুলোকে সারি বেঁধে বিমান বন্দর সড়কে দাঁড়িয়ে থাকতে হয়। এ কারণে শহরে নিত্য যানজটের সৃষ্টি হয়।

প্রাইম মুভার ট্রেইলার মালিক শ্রমিক ঐক্য পরিষদের অধীনে প্রায় সাত হাজার প্রাইম মুভার রয়েছে।