২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সবজিতে স্বস্তি, মুরগির দাম চড়া

শীত শুরুর আগে সরবরাহ ভাল থাকায় কয়েক দিন আগের চড়ামূল্যের সবজির দামসহ অন্যান্য পণ্যের দাম কমবেশি স্থিতিশীল থাকলেও চট্টগ্রামের কাঁচাবাজারে মুরগির দাম বেশ বেড়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2016, 07:40 PM

Updated : 20 Aug 2022, 02:12 PM

শুক্রবার চট্টগ্রামের পাইকারি পণ্যের বৃহত্তম কাঁচাবাজার রিয়াজউদ্দিন বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগিতে দাম বেড়েছে কেজিপ্রতি ১৫ টাকা।

মুরগি ব্যবসায়ী মকবুল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়ে গেছে ব্রয়লার মুরগির।”

গত সপ্তাহে ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১২৫ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। গত সপ্তাহের মতোই সোনালী মুরগি ১৮০ টাকায় ও দেশী মুরগি ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে আগের দামেই সবজি বিক্রি হওয়ায় স্বস্তি প্রকাশ করেন কোনো কোনো ক্রেতা।

রিয়াজুদ্দিন বাজারের চেয়ারম্যান আড়তের কর্মী ছালেহ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুষ্টিয়া থেকে সবজির সরবরাহ ভালো। তাই বৃষ্টি হলেও বাজারে কোন প্রভাব পড়েনি।

সবজির খুচরা বিক্রেতা রাসেল বলেন, টমেটো কেজিপ্রতি পাওয়া যাচ্ছে ৬০ টাকায়, পটল ৫০ টাকায়, ঢেড়শ ৬০ টাকায়।

কেজিপ্রতি বরবটি ৬০ টাকায়, চিচিঙ্গা ৫০ টাকায়, শিম ৬০ টাকায়, ঝিঙে ৬০ ও বেগুন ৬০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান রাসেল।

ফুলকপি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকার মধ্যে। তবে মধ্যম মানের ফুলকপি ৬০ টাকায়ও বিক্রি হতে দেখা গেছে। মূলা বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

বাজারে প্রতিকেজি কাঁচামরিচ পাওয়া যাচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়।

বেসরকারি চাকুরিজীবী রিয়াদ আদনান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃষ্টির কারণে দাম বাড়তে পারে এমন শঙ্কা ছিল। সবজির দাম সহনীয় থাকায় স্বস্তি পাচ্ছি।”

হেরফের হয়নি মাছ ও গরুর মাংসের দামে। গরুর মাংস হাঁড়ছাড়া ৫৫০ টাকা ও হাঁড়সহ পাওয়া যাচ্ছে ৪৫০ টাকায়।

রুই মাছ পাওয়া যাচ্ছে ১৮০ টাকায়। লইট্টা মাছ মিলছে ১২০ টাকা কেজিতে। সাগরের টাইগার চিংড়িও পাওয়া যাচ্ছে কেজিপ্রতি ৩৫০