আফসানা ‘হত্যায়’ জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্র ইউনিয়নের
আফসানা ফেরদৌস ‘হত্যার’ সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন।
বৃহস্পতিবার নগরীর চেরাগী মোড়ে ছাত্র ইউনিয়ম কর্মী আফসানার হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানান ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার নেতারা।
মিরপুরের সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির স্থাপত্যবিদ্যার শিক্ষার্থী আফসানাকে অচেতন অবস্থায় গত শনিবার রাতে কাফরুলের একটি বেসরকারি হাসপাতালে ফেলে যায় দুই তরুণ।
এরপর পুলিশ তার লাশ উদ্ধার করে।
ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সরওয়ার বলেন, ধারাবাহিকভাবে দেশে খুন-ধর্ষণের সংখ্যা বেড়ে চলেছে, অথচ প্রশাসন কোনো ঘটনারই সুষ্ঠু বিচার করতে পারেনি।
ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহের তালিকায় থাকা তেজগাঁও কলেজ ছাত্রলীগের নেতা হাবিবুর রহমান রবিনকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান গোলাম সরওয়ার।
ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক নাহিদ আল মোস্তফা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে একের পর এক এ ধরনের ঘটনা ঘটছে।
আফসানা হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারে গড়িমসি করলে ছাত্র ইউনিয়ন ছাত্র-জনতাকে সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন নাহিদ আল মোস্তফা।
সমাবেশে অন্যদের মধ্যে ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা কমিটির কোষাধ্যক্ষ মো. আইয়ুম, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক স্মরণ বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক এনি সেন ও ক্রীড়া সম্পাদক শোভন দাশ উপস্থিত ছিলেন।
