২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবির ৩ ছাত্রী হলে তল্লাশি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিনটি ছাত্রী হলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ‘ধর্মীয় উম্মাদনা সৃষ্টিকারী’ বই, লিফলেট ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2016, 11:29 PM

Updated : 12 Apr 2022, 02:41 AM

বুধবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা, শামসুন নাহার ও খালেদা জিয়া হলে এ তল্লাশি চালানো হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ‌্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী।

সাম্প্রতিক জঙ্গি হামলার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নারী জঙ্গিদেরও শনাক্তের পর চট্টগ্রাম বিশ্ববিদ‌্যালয়ের ছাত্রী হলে তল্লাশি চালানো হল।    

প্রক্টর আজগর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহিলা পুলিশ, হল কর্তৃপক্ষ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা সন্ধ্যা সোয়া ৭টা থেকে তল্লাশি শুরু করে।  

“রাত ১০টা পর্যন্ত তিন হলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ধর্মীয় উম্মাদনা সৃষ্টিকারী বই, লিফলেট, ল্যাপটপ, মোবাইল সিম ও কিছু ইলেট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।”

সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, জামায়াত ইসলামের তাত্ত্বিকগুরু সৈয়দ আবুল আ’লা মওদুদী, দেলোওয়ার হোসাইন সাঈদীসহ বিতর্কিত লেখকের বেশকিছু বই উদ্ধার করা হয়েছে।

পাশাপাশি হলগুলো থেকে ইসলামী ছাত্রী সংস্থার বিপুল পরিমাণ সাংগঠনিক বই, প্রচারপত্র, বায়তুল মালের রশিদসহ বিভিন্ন সাংগঠনিক কাগজপত্র জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

অভিযানে কাউকে আটক করা হয়নি বলে জানান প্রক্টর আজগর আলী।

বইসহ জব্দ করা জিনিসগুলো প্রক্টর কার্যালয়ে রাখা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার বিস্তারিত জানানো হবে হবে বলে জানান প্রক্টর।

গুলশান হামলার অন্যতম ‘মাস্টারমাইন্ড’ নুরুল ইসলাম মারজান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বলে নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার থেকে বিভিন্ন বিভাগের সেমিনার লাইব্রেরিতে তল্লাশি শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের সেমিনার লাইব্রেরি থেকে সাঈদী, মওদুদী, জাকির নায়েকসহ বিভিন্ন বিতর্কিত লেখকের বিপুল পরিমাণ বইয়ের পাশাপাশি লিফলেট, সিডি জব্দ করা হয়।

বিশ্ববিদ‌্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, প্রধান গ্রন্থাগার, বিভাগের গ্রন্থাগার ও বিভিন্ন মসজিদের পাঠাগারে ধর্মীয় বিদ্বেষ সৃষ্টিকারী বই থাকলে দ্রুততম সময়ের মধ্যে সেগুলো প্রত্যাহার করে নেওয়া হবে।