২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তরুণী হত্যায় জড়িত অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে এক তরুণীকে ‘হত্যার’ ঘটনায় হবিগঞ্জ থেকে এক যুবককে তার মা ও স্ত্রীসহ গ্রেপ্তার করেছে চট্টগ্রামের চান্দগাঁও থানা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2016, 11:30 PM

Updated : 20 Aug 2022, 01:27 PM

নগরীর চান্দগাঁও থানার ওসি সৈয়দ আবু মো. শাহজাহান কবির জানান, সোমবার সিলেটের হবিগঞ্জ বানিয়ারচং থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- মো. সোহাগ (২২), তার স্ত্রী সাহিনা আক্তার ওরফে সুমি (১৯) ও মা ঝুলেখা বেগম (৫২)।

ওসি শাহাজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১০ অগাস্ট মোহরা এলাকার একটি ভবন থেকে এক নারীর লাশ উদ্ধারের ঘটনা তদন্ত গিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বাসা থেকে দুর্গন্ধ বের হওয়ায় বাড়ির মালিকের কাছ থেকে খবর পেয়ে ওই ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটের দরজা ভেঙে পুলিশ ওই নারীর গলিত লাশ উদ্ধার করেছিল।

ওসি বলেন, গত ১ অগাস্ট মোহরা তালতলা কালিপদ নন্দীর পাঁচ তলা ভবনের দ্বিতীয় তলার বাসাটি ভাড়া নেয় সোহাগ। বাসায় সে তার স্ত্রী ও মাকে নিয়ে থাকত।

“ওই বাসা থেকে ১০ অগাস্ট কম্বল মোড়ানো অবস্থায় এক নারীর গলিত লাশ উদ্ধারের পর বাড়ির মালিক ও প্রতিবেশীরা লাশটি ঝুলেখা বেগমের লাশ বলে ধারণা করে।”

তবে পুলিশে ঝুলেখা হত্যার তদন্ত করতে গিয়ে সোহাগের শ্বশুড় বাড়ি বানিয়ারচং থেকে ঝুলেখাকে উদ্ধার করার সঙ্গে সঙ্গে সোহাগ ও তার স্ত্রী সাহিনাকে আটক করে বলে জানান পুলিশ কর্মকর্তা শাহজানান।

ওসি আরও বলেন, আটকের পর উদ্ধার করা লাশটি তানজু নামে এক তরুণীর বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা।

সোহাগ ও তার স্ত্রী বিভিন্ন তরুণীদের দিয়ে ‘পতিতাবৃত্তি’ করাতো দাবি করে পুলিশ কর্মকর্তা শাহাজাহান বলছেন, বাকলিয়া এলাকায় তাদের আরও একটি বাসা আছে। মোহরা এলাকায় বাসাটি ভাড়া নিয়ে তরুণীটিকে এ বাসায় এনেছিল বলে জানিয়েছে।

মেয়েটিকে বিভিন্ন সময়ে মারধর করত সোহাগ ও তার স্ত্রী।

গত ৬ অগাস্ট তরুণীটি ‘আত্মহত্যা’ করেছে বলে গ্রেপ্তার তিনজন পুলিশের কাছে দাবি করেছে জানিয়ে ওসি বলেন, “ওই তরুণী ‘আত্মহত্যা’ করার পর লাশটি বাসায় রেখে ভয়ে পালিয়ে যায় বলে দাবি করেছে তারা।”

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা শাহজাহান বলেন, “এটি আত্মহত্যা নাকি হত্যা, বিষয়টিও তদন্ত করা হচ্ছে।”