সাগরে বস্তায় মিললো সাড়ে ৬ লাখ ইয়াবা
চট্টগ্রামের ভাটিয়ারি থেকে ছয় লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড।
সোমবার ভোরে কুমিরাঘাটের কাছে সাগরে বস্তাভর্তি ইয়াবাগুলো পাওয়া গেলেও কেউ গ্রেপ্তার হয়নি বলে কোস্টগার্ডের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট ডিকসন চৌধুরী।
সমুদ্ররক্ষা বাহিনীর পূর্বাঞ্চলের সদর দপ্তরে দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মিয়ানমার থেকে একটি ‘বোটে’ করে আনা ইয়াবাগুলো ভাটিয়ারির দিকে নিয়ে যাওয়ার জন্য বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ছিল বলে খবর পেয়ে অভিযান চালানো হয়।
“ভোরে সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দিলেও তা অমান্য করে ভাটিয়ারির দিকে চলে যায়।”
ডিকসনের দাবি, পাচারকারীরা ইয়াবাভর্তি চারটি বস্তা জালের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দিয়ে পালিয়ে যায়।
“পরে সাগরে তল্লাশি করে বস্তাভর্তি ছয় লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।”
