ভাইয়ের স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন
ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার দায়ে চট্টগ্রামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার চট্টগ্রাম বিভাগীয় জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হোসনে আরা ২০ বছর আগের এ হত্যা মামলার রায় দেন বলে জানান ট্রাইবুন্যালের বিশেষ পিপি জাহাঙ্গীর আলম।
দণ্ডপ্রাপ্ত মো. নূর মোহাম্মদ (৪৫) নগরীর উত্তর হালিশহর এলাকার বাসিন্দা। ভাইয়ের স্ত্রী নাজমা আক্তারের খুনের জন্য তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হল।
আইনজীবী জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত নূর মোহাম্মদকে যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছে। টাকা পরিশোধ করা না হলে আরও ছয়মাস কারাভোগ করতে হবে তাকে।
মামলায় তার জাহাঙ্গীরের মা আয়েশা বেগমকে বেকসুর খালাস দেওয়া হয়েছে বলেও জানান জাহাঙ্গীর।
আদালত থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, ১৯৯৬ সালের ৬ জানুয়ারি নাজমার বোন নাসিমা আক্তার তার ছোটবোনকে গলা কেটে হত্যা করা হয়েছে অভিযোগ করে বোনের স্বামী, ননদ, শ্বাশুড়ি ও ভাসুরের বিরুদ্ধে মামলা করেন।
আইনজীবী জাহাঙ্গীর বলেন, পুলিশ তদন্ত শেষে নাজমার ভাশুর নূর মোহাম্মদকে আসামি করে অভিযোগপত্র দিলে বাদী তাতে নারাজি দেন। পরে পুলিশ নাজমার শ্বাশুড়িকেও অভিযুক্ত করে সম্পূরক অভিযোগপত্র জমা দেয়।
২০০২ সালে অভিযোগ গঠনের পর রাষ্ট্রপক্ষের ১২জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় দেয়।
রায় ঘোষণার সময় নূর মোহাম্মদ আদালতে উপস্থিত ছিলেন বলেও জানান আইনজীবী জাহাঙ্গীর।
