চট্টগ্রামে গ্যারেজ কর্মচারী খুন
চট্টগ্রামের ফটিকছড়িতে অটোরিকশা গ্যারেজের এক কিশোর কর্মচারীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার সকালে উপজেলার বারমাসিয়া এলাকায় সড়কের ওপর থেকে পুলিশ ১৭ বছর বয়সী ওই কিশোরের লাশ উদ্ধার করে ভূজপুর থানার ওসি লিয়াকত আলী জানান।
নিহত রিপন দে (১৭) ওই এলাকার গনেশ দের ছেলে। সে স্থানীয় একটি অটোরিকশার গ্যারেজে কাজ করত।
লাশের বুকের বাঁ পাশে ‘ছিদ্র’ রয়েছে জানিয়ে ওসি বলেন, “ধারণা করা হচ্ছে, স্ক্রু ড্রাইভার জাতীয় কিছু দিয়ে তাকে আঘাত করা হয়েছিল।”
ময়নাতদন্তের জন্য রিপনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
