২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রবীন্দ্রনাথ-নজরুল-সুকান্তে বাঙালি সংস্কৃতি অসীম উচ্চতায়

রবীন্দ্রনাথ, নজরুল ও সুকান্তের সৃষ্টিকর্মের অবদানে বাঙালি সংস্কৃতি অসীম উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2016, 10:20 PM

Updated : 20 Aug 2022, 01:25 PM

শুক্রবার নগরীর ফুলকি মিলনায়তনে সাংস্কৃতিক সংগঠন উদীচী চট্টগ্রাম জেলা আয়োজিত ‘রবীন্দ্র-নজরুল-সুকান্ত স্মরণ’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ড. অনুপম সেন বলেন, এ তিনজনের সৃষ্টিকর্ম শুধু সংস্কৃতিকে নয় বাংলা সাহিত্যকেও অনন্য অবস্থানে নিয়ে গেছে।

“তারা সাহিত্যকে করেছেন ঋদ্ধ, সাম্যের চেতনায় জনমানসকে করেছেন জাগ্রত ও উসকে দিয়েছেন মানুষের মানবতাবোধ।”

রবীন্দ্রনাথ মাইকেল মধুসূদন পথে হেঁটেছেন মন্তব্য করে তিনি বলেন, ভাবতে অবাক লাগে ইংরেজের উপনিবেশিকতার মধ্যে থেকেও রবীন্দ্রনাথ চিত্তের মু্ক্তি ঘটিয়েছেন।

“রবীন্দ্রনাথ রক্তকরবীর মতো অসাধারণ নাটক রচনা করেছিলেন, যার বক্তব্যের সঙ্গে কার্ল মার্ক্সের চিন্তা ও দর্শনের কোনো তফাৎ ছিল না।”

নজরুলকে ‘বিশ্ববিদ্রোহী’ উল্লেখ করে সমাজবিজ্ঞানী অনুপম সেন বলেন, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে নজরুল যেভাবে সাহিত্য সৃষ্টি করেছেন বিশ্বে সেটা খুব বিরল। তিনি রাষ্ট্র-সমাজের চাপিয়ে দেওয়া শৃঙ্খলকে ভেঙেচুড়ে দিয়েছিলেন।

সুকান্ত ভট্টাচার্য কৈশোরে পরিণত চিন্তায় যেভাবে সাম্যের কথা ভেবেছেন সেটাও সাহিত্যের ইতিহাসে অন্যতম বিরল ঘটনা বলে অভিহিত করেন তিনি।

অনুষ্ঠানে আলোচনা শেষে উদীচী ও আমন্ত্রিত শিল্পীরা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উদীচী চট্টগ্রাম জেলার সভাপতি বেগম মুশতারি শফী ও সহ-সভাপতি অধ্যাপক বাদল বরন বড়ুয়া।