২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিদের তিল পরিমাণ ছাড় নয়: মহিউদ্দিন

জঙ্গি ও তাদের দোসরদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোরতা দেখানোর পক্ষে অবস্থান জানিয়ে আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, যারা ‘আল্লাহু আকবর’ স্লোগান দিয়ে মানুষ হত্যা করেছে তাদের বিষয়ে তিল পরিমাণ ছাড় দেওয়া যাবে না।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2016, 09:39 PM

Updated : 20 Aug 2022, 01:25 PM

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে চট্টগ্রাম ১৪ দলের উদ্যোগে শুক্রবার বিকালে বন্দর নগরীর বড়পোল এলাকায় এক সমাবেশে একথা বলেন তিনি।

জঙ্গি দমনে বিএনপির জাতীয় ঐক্যের প্রস্তাবের বিরোধিতা করে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন বলেন, “যারা এদেশে জঙ্গিবাদের জন্ম দিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেছে ও পেট্রোল বোমায় মানুষ পুড়িয়েছে তাদের সাথে জাতীয় ঐক্য হতে পারে না।

“যুদ্ধাপরাধীদের রক্ষা করতে তারা নানাভাবে ষড়যন্ত্র করছে। বাংলার দেশপ্রেমিক জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।”

জঙ্গিরা ইসলামের কল্যাণ চায় না মন্তব্য করে মহিউদ্দিন চৌধুরী বলেন, “আল্লাহু আকবর স্লোগান দিয়ে জঙ্গিরা সাধারণ মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। এই পৈশাচিক দুর্বৃত্তদের তিল পরিমাণ ছাড় দেওয়া যাবে না।

“এমনকি যারা গোপনে তাদের মদদ ও অর্থ যোগান দিচ্ছে তাদেরও চিহ্নিত করতে হবে। তাদের শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করে দিতে হবে।”

সমাবেশে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, “একাত্তরের পরাজিত শক্তির গর্ভে জঙ্গিবাদের ভ্রুণ সৃষ্টি হয়। জামায়াত-বিএনপি জঙ্গিবাদীদের বিশ্বস্ত দোসর।

“পঁচাত্তরে জাতির জনককে হত্যার পর বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করার অপচেষ্টা করলেও তারা সফল হয়নি।”

তিনি বলেন, “জঙ্গিবাদ বাংলাদেশকে অন্ধকারের গহ্বরে নিক্ষিপ্ত করতে চায়। তাদের নির্মূল করতে আমাদেরও জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। কারণ বিশ্ব নেতৃবৃন্দ জঙ্গিবাদবিরোধী লড়াইয়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে।”

চট্টগ্রাম জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শামসুদ্দিন খালেদ সেলিমের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, জাসদ নগর সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুল, সাম্যবাদী দলের অমূল্য বড়ুয়া, নগর আয়ামী লীগের তথ্য সম্পাদক চন্দন ধর, কার্যনির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার বক্তব্য দেন।