চট্টগ্রামে রেললাইনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
চট্টগ্রাম নগরীতে রেল লাইন থেকে বল নিতে গিয়ে কাটা পড়ে এক কিশোর নিহত হয়েছে।
ফাইল ছবি
নিহত মো. মেজবাহ আলম (১৩) ডবলমুরিং থানার মতিয়ারপুল কমার্স কলেজ রোডের ‘নির্জন ভবন’ নামে বাসায় পরিবারের সাথে থাকতেন। তার বাবার নাম জামশেদ আলম।
রেলওয়ে পুলিশের এএসআই সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে বন্ধুদের সঙ্গে রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে ক্রিকেট খেলছিল মেজবাহ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, “মাঠের বাইরে বল আসায় মেজবাহ রেল লাইন থেকে বল নিতে যায়। এসময় কাদায় পা পিছলে রেল লাইনের ওপর পড়ে যায় সে।”
এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী শাটল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মেজবাহ মারা যায় বলে জানান এএসআই সালাউদ্দিন।
