২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মাস্টারপ্ল্যান’ বাস্তবায়ন হলে জলাবদ্ধতা হত না: সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ১৯৯৫ সালে প্রণীত মহাপরিকল্পনা (মাস্টার প্ল্যান) বাস্তবায়ন হলে বন্দর নগরীতে জলাবদ্ধতা হত না বলে মনে করেন সংস্থার চেয়ারম্যান আব্দুচ ছালাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2016, 10:54 PM

Updated : 20 Aug 2022, 01:25 PM

বৃহস্পতিবার সিডিএ সম্মেলন কক্ষে ‘মাস্টার প্ল্যান পুনঃবিবেচনা’ নিয়ে ১৮ ও ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও স্থানীয়দের সঙ্গে এক সভায় তিনি এই মত জানান।

সিডিএ চেয়ারম্যান বলেন, “আগের প্ল্যানে ত্রুটি ছিল ঠিক, কিন্তু শতভাগ তো ত্রুটি ছিল না। এ প্ল্যানে কোথায় খাল করতে হবে কোথায় কী করতে হবে, তার খরচসহ উল্লেখ ছিল। এ প্ল্যান বাস্তবায়ন হলে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হত না।”

১৯৯৫ সালে মহাপরিকল্পনা প্রণয়নের পর ১৯৯৭ সালে তা বাস্তবায়নের কাজ শুরু হয়েছিল। কিন্তু মেয়াদ শেষ হয়ে গেলেও আর কোনো কাজ হয়নি।

গত বছরের ১৩ সেপ্টেম্বর চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে বৈঠক করে সিডিএ। বৈঠকে ‘মাস্টার প্ল্যান’ তৈরি নিয়ে নগরীর ৪১টি ওয়ার্ড থেকে কমিটি গঠন করে পরিকল্পনা প্রস্তাবের আহ্বান জানায় সিডিএ।

বৃহস্পতিবার সভায় জানানো হয়, এ অনুযায়ী নগরীর ৪১টি ওয়ার্ডের মধ্যে ২৮টি ওয়ার্ড তাদের কমিটি গঠন করে জমা দিয়েছে।

সিডিএ চেয়ারম্যান ছালাম সিটি করপোরেশনের দিকে ইঙ্গিত করে বলেন, “কেউ যদি মাস্টারপ্ল্যানকে বৃদ্ধাঙ্গুলি দেখায় তা কিভাবে হবে।”

চট্টগ্রামের মেয়র হতে ইচ্ছুক আওয়ামী লীগ নেতা ছালাম ২০০৮ সাল থেকে সিডিএ চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।  কয়েক দফায় বাড়ানোর পর তার বর্তমান নিয়োগের মেয়াদি আগামী এপ্রিলে শেষ হচ্ছে।

ছালাম সভায় উপস্থিত সবার উদ্দেশে বলেন, “আপনাদের সাথে প্ল্যান নিয়ে বার্গেনিং হবে, কিন্তু আপনাদের বাদ দিয়ে প্ল্যান তৈরি করতে পারবে না।”  

সভায় বিভিন্ন বক্তারা নানা সমস্যা তুলে ধরার পর ছালামও তাদের সমর্থন জানান।

তিনি বলেন, “কর্ণফুলী নদীতে ঝুলন্ত সেতু নির্মাণের দাবিতে আমরা মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে আন্দোলন করেছিলাম। কিন্তু ইগোর বশবর্তী হয়ে পিলার ব্রিজ করা হয়েছে। এ ব্রিজের কারণে কর্ণফুলী নদীতে পলি জমে এক-চতুর্থাংশ ভরে গেছে।”

নগর পরিকল্পনাবিদ আবু ইছা আনসারীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর হারুনর রশিদ, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফারজানা পরভীন, সিডিএ সদস‌্য ও কাউন্সিলর গিয়াস উদ্দিন, হাসান মুরাদ বিপ্লব, ইউনুস গণি চৌধুরী, জসীম উদ্দিন, প্রধান নির্বাহী তাহেরা ফেরদৌস বেগম, প্রধান প্রকৌশলী জসীম উদ্দিন চৌধুরী।