নতুন জনবল কাঠামো চায় সিসিসি
প্রতিষ্ঠানের কার্যক্রম ‘সুষ্ঠুভাবে’ চালাতে নতুন জনবল কাঠামো (অর্গানোগ্রাম) চাইছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) কর্তৃপক্ষ।
বুধবার চট্টগ্রাম নগর ভবনে মেয়র আ জ ম নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয় বলে
সিসিসির ভারপ্রাপ্ত জনসংযোগ কমকর্তা আবদুর রহিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জানতে চাইলে সিসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনার স্বার্থে যুগোপযোগী নতুন জনবল কাঠামো গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।”
অস্থায়ী ভিত্তিতে ২ হাজার পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দিতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পর ওই নিয়োগে স্থানীয় সরকার মন্ত্রণালয় নিষেধাজ্ঞা দেওয়ার পর নতুন জনবল কাঠামোর বিষয়ে সভা করল সিসিসি।
এর আগে ২১ জুলাই জাতীয় ও স্থানীয় পত্রিকায় অস্থায়ী ভিত্তিতে ২ হাজার পরিচ্ছন্নতাকর্মী চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল সিসিসি।
সে নিয়োগে নিষেধাজ্ঞা দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় গত ৩১ জুলাই সিসিসিকে চিঠি দেয়।
এতে অনিশ্চয়তার মুখে পড়ে নগরীর বাসিন্দাদের ঘরে ঘরে গিয়ে আবর্জনা সংগ্রহের জন্য সিটি মেয়র ঘোষিত নতুন ‘ডোর টু ডো’ কর্মসূচি।
বুধবারের সভার সিদ্ধান্তের বিষয়ে সিসিসি সচিব আবুল হোসেন বলেন, “করপোরেশনে ১৯৮৮ সালের জনবল কাঠামো আছে। সে অনুযায়ীই কাজ চলছে। নতুন জনবল কাঠামো দরকার।
“আজ সভায় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানদের সাথে আলোচনা হয়েছে। তারা প্রত্যেকে নিজ বিভাগের চাহিদাপত্র তৈরি করে আগামী ১৫-২০ জনের মধ্যে জমা দেবে।”
এরপর নতুন জনবল কাঠামোর একটি প্রস্তাব তৈরি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানান তিনি।
কর্মকর্তারা জানান, ১৯৮৮ সালের জনবল কাঠামো অনুসারে সিসিসিতে কর্মকর্তা-কর্মচারী পদের সংখ্যা ৩ হাজার ১৮০টি।
এর বিপরীতে কত জন কর্মরত-জানতে চাইলে আবুল হোসেন বলেন, “এর বেশি আছে। বিভিন্ন সময় অস্থায়ী ভিত্তিতে কিছু নিয়োগ হয়েছে।”
সিসিসি ভবনে টাঙ্গানো বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীর তালিকা থেকে জানা যায়, সংস্থাটির সাতটি বিভাগের মধ্যে বর্তমানে পরিচ্ছন্নতা বিভাগে সর্বোচ্চ ২ হাজার চারজন কর্মরত।
এছাড়া শিক্ষা বিভাগে ১ হাজার ৭৯৬ জন, প্রকৌশল বিভাগে ১ হাজার ৬৩৯ জন, স্বাস্থ্য বিভাগে ৮১৭ জন, সচিবালয় বিভাগে ৪৭৫ জন, রাজস্ব বিভাগে ৩৮৮ জন ও হিসাব বিভাগে ৫৬ জন কর্মরত।
এ হিসেবে সিসিসিতে বর্তমানে স্থায়ী-অস্থায়ী মিলিয়ে মোট ৭ হাজার ১৭৫ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত।
এর আগে ২০০৮ সালে একবার সিসিসির পক্ষ থেকে নতুন জনবল কাঠামো প্রস্তাব করে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। তবে সেই প্রস্তাব আর আলোর মুখ দেখেনি।
২৪ জুলাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাতকারে সিটি মেয়র নাছির বলেন, বর্তমান জনবল নিয়ে ষাট লাখ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব নয়।
“নতুন অর্গানোগ্রাম প্রণয়নে কাজ করছি। প্ল্যানিংসহ কয়েকটি নতুন বিভাগ করা হবে। ঢেলে সাজানো হবে পুরনো বিভাগগুলো। নতুন অর্গানোগ্রাম হলে জনবল অনেক বেড়ে যাবে।”
