২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্থায়ী কমিটিতে না রাখায় নোমানকে পদত্যাগের আহ্বান অনুসারীদের

ঘোষিত কমিটিতে ‘সম্মানজনক পদে’ না দেওয়ায় ভাইস চেয়ারম্যান থেকে আবদুল্লাহ আল নোমানকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন তার অনুসারী চট্টগ্রামের নেতারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2016, 10:14 PM

Updated : 20 Aug 2022, 01:24 PM

মঙ্গলবার বিকালে চট্টগ্রামে মহানগর বিএনপি’র দলীয় কার্যালয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীদের এক মতবিনিময় সভা থেকে এ আহ্বান জানানো হয়।

সভায় চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার বলেন, ‍“সভা থেকে ত্যাগীনেতা আবদুল্লাহ আল নোমানকে দলের জাতীয় স্থায়ী কমিটিতে যথাযথভাবে সম্মান দিয়ে রাখার জন্য চেয়ারপারসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।”

পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নোমান ভাইকে স্থায়ী কমিটিতে স্থান না দেওয়ার প্রতিবাদে চট্টগ্রামে ক্ষুব্ধ নেতাকর্মীরা একত্র হয়ে আমরা এর প্রতিবাদ জানিয়েছি, আমাদের এ দাবি দলের চেয়ারপারসন বরাবরে জানানো হয়েছে।”

নোমানকে স্থায়ী কমিটিতে না রাখায় তার অনুসারী বিক্ষুব্ধ নেতারা আগামী বৃহস্পতিবার লালদীঘি চত্বরে ডাকা এক সমাবেশ থেকে একযোগে পদত্যাগের ঘোষণা দিতে পারেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সভায় থাকা এক বিএনপি নেতা।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, “নোমান ভাইকে স্থায়ী কমিটিতে না রাখার প্রতিবাদে পরশুদিন (বৃহস্পতিবার) লালদীঘি চত্বরে এক সমাবেশ হবার কথা। সে সমাবেশ থেকে বিক্ষুব্ধরা একযোগে পদত্যাগের ঘোষণা দেওয়ার কথা।”

তবে ঢাকায় অবস্থান করা বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান বিষয়টি জানতে পারায় তার অনুরোধে দলীয় শৃঙ্খলা রক্ষায় বৃহস্পতিবারের কর্মসূচি আপাতত স্থগিতের সিদ্ধান্ত হতে পারে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় এম এ সবুরের সভাপতিত্বে অন্যদের মধ্যে চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবদল সভাপতি কাজী বেলাল, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ, ছাত্রদলনেতা আহমেদ উল আলম রাসেল, সাবেক ওয়ার্ড কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, সালেহ আহমদ, শাহাবুদ্দিন বক্তব্য রাখেন।

সভায় নোমান সমর্থিত অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর চট্টগ্রামের নোমান সমর্থকরা বিবৃতি দিয়ে তাকে স্থায়ী কমিটিতে না রাখার প্রতিবাদ জানান।

অবিলম্বে তাকে যথাযথ সম্মান দেওয়া না হলে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর পদ থেকেও পদত্যাগের হুমকি দেন তারা।

এছাড়া আবদুল্লাহ আল নোমানও মন খারাপের কথা গণমাধ্যমে বলেছেন। এছাড়া দলে তার সমর্থক নেতাকর্মীরা ভাইস চেয়ারম্যানের পদ ছাড়ার জন্য চাপ দিচ্ছেন বলেও জানান।