চট্টগ্রাম নগরীতে ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছিনতাই
নগরীর কোতোয়ালি থানার এনায়েত বাজার মহিলা কলেজের সামনের সড়ক থেকে এক ব্যবসায়ীর চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
মঙ্গলবার বিকাল ৩টার দিকে এ ঘটনার পর কোতয়ালি থানায় মামলা করেছেন ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী আমির হোসেন।
থানার এসআই মো. হারুন মামলা করার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
ব্যবসায়ী আমির হোসেন নগরীর মোমিন রোড এলাকার বাসিন্দা। নগরীর চেরাগী পাহাড় মোড়ে তার একটি ফুলের দোকান রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আমির হোসেন বলেন, “বিকাল ৩টার দিকে মার্কেন্টাইল ব্যাংকের জুবিলী রোড শাখা থেকে তিন লাখ ৯৫ হাজার ১২৫ টাকা তুলি।
“টাকার কিছু প্যান্টের পকেটে এবং বাকি টাকা একটি প্যাকেটে করে হাতে ধরা ছিল। এনায়েত বাজার মোড় থেকে রিকশা নিয়ে মোমিন রোডের বাসার দিকে যাচ্ছিলাম।”
এসময় তাকে বহনকারী রিকশাটি এনায়েত বাজার মহিলা কলেজের সামনে পৌঁছালে ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে জানান এই ব্যবসায়ী।
ঘটনার বর্ণনা দিয়ে আমির হোসেন বলেন, কলেজের সামনে একটি অটোরিকশা নিয়ে চারজন রিকশার গতিরোধ করে।
“তাদের হাতে অস্ত্র ছিল। একজন একটি ছুরি আমার পেটের কাছে ধরে। প্রাণনাশের হুমকি দিয়ে টাকা ও দুটো মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে অটোরিকশা করে তারা বৌদ্ধ মন্দিরের দিকে চলে যায়।”
এ ঘটনায় মামলার পর ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান কোতয়ালির এসআই মো. হারুন।
