২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকদের গবেষণায় মনোযোগী হতে সিআইউর মতবিনিময়ে আহ্বান

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের শ্রেণিকক্ষের পাশাপাশি গবেষণা ও প্রকাশনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাহলিল আজিম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2016, 07:58 PM

Updated : 20 Aug 2022, 01:24 PM

সোমবার চট্টগ্রামের চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) শিক্ষকদের সাথে অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

সিআইইউ’র জনসংযোগ কর্মকর্তা রাসেল ইউসুফী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

ড. তাহলিল বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে পাবলিকেশন (প্রকাশনা) খুবই গুরুত্বপূর্ণ। গোটা বিশ্বে শিক্ষকদের মূল্যায়ন নির্ভর করে তার গবেষণা এবং প্রকাশনার ওপর।

শিক্ষকদের শ্রেণিকক্ষে মনোযোগী হওয়ার পাশাপাশি গবেষণা ও প্রকাশনায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তাহলিল বলেন, শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের প্রতি শিক্ষকদের খেয়াল রাখতে হবে। প্রয়োজনে তাদের সাহায্যে এগিয়ে আসতে হবে। কারণ শিক্ষার্থীর উন্নয়নই একজন শিক্ষকের সবচেয়ে বড় প্রাপ্তি।

সিআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক নুরুল আবসার নাহিদ শুভেচ্ছা বক্তব্য রাখেন।

মানব সম্পদ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মোসলেহ উদ্দিন চৌধুরী খালেদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায় অনুষদের উপদেষ্টা অধ্যাপক এম আইয়ূব ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

উপাচার্য জানান, সিআইইউ’র সাথে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর ও অ্যাকাডেমিক উন্নয়নে আন্তর্জাতিক উপদেষ্টা নিয়োগও চলছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপাচার্য তাহলিল আজিজকে সিআইইউ’র আন্তর্জাতিক উপদেষ্টা হওয়ার আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন।