বাঁধে ভোগান্তিতে হালিশহরবাসী
চট্টগ্রামের হালিশহর এলাকার ১০ লাখ মানুষের স্বাভাবিক জীবনযাপনে বিপর্যয় নেমে আসায় মহেশখালের অপরিকল্পিত বাঁধের অপসারণ চেয়েছে এলাকাবাসী।
রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে হালিশহরের ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ড ‘সচেতন নাগরিক সমাজের’ নেতাদের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারাও ছিলেন।
নাগরিক সমাজের সদস্য সচিব মো. হাবিব শরীফ লিখিত বক্তব্যে বলেন, বন্দর কর্তৃপক্ষের এ অপরিকল্পিত বাঁধের ফলে জোয়ারের সময় ডুবে যাচ্ছে হালিশহরের ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ড, আর বৃষ্টির সময় পানিতে তলিয়ে যাচ্ছে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা ও ৩৬ নং ওয়ার্ড।
প্রতিদিন জোয়ারের পানি অথবা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় হালিশহরের প্রায় ১০ লাখ বাসিন্দাদের নিয়মিত দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান তিনি।
“হালিশহরের বাসিন্দাদের জীবনে বিপর্যয় নেমে এসেছে। পানির কারণে আবহাওয়া ভালো থাকার পারও হালিশহরের মানুষ এ বছর ঈদের জামাত পড়তে পারেনি। এলাকার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক অনুষ্ঠান পালন কিছুই সম্ভব হচ্ছে না।”
এই বাঁধের কারণে হালিশহর এলাকার ব্যবসা-বাণিজ্য ধ্বংস হচ্ছে দাবি করে হাবিব বলেন, “মহেশখালের উপর গড়ে উঠা প্রাচীন ব্যবসা কেন্দ্র ঈশান মিস্ত্রির হাট ও পুরাতন বন্দর মার্কেটে জোয়ারের পানি ঢুকে কোটি টাকার পণ্য নষ্ট হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোও জোয়ারে পানিতে প্রতিদিন তলিয়ে যাচ্ছে।”
মহেশখালের এ বাঁধের পরিকল্পনাকারীদের শাস্তির দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে।
হাবিব বলেন, এ বাঁধ দিয়ে কৃত্রিম দুর্ভোগ তৈরি করে এলাকাবাসীকে সুকৌশলে উচ্ছেদ করে হালিশহর এলাকার মূল্যবান জায়গা-জমি দখলের প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে।
“১৯৫২ সালে চট্টগ্রাম বন্দর সম্প্রসারণের সময় আমাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করা হয়েছিল। এখন বাঁধ দিয়ে জায়গা-জমি লুটেরাদের কাছে লিজ দেওয়ার চক্রান্ত হচ্ছে।”
ছয় মাসের জন্য এই বাঁধ রাখার আশ্বাস দিয়ে নির্মাণ করা হলেও বন্দর কর্তৃপক্ষ এক বছর পরও কথা রাখেনি বলে অভিযোগ করেন তিনি।
বাঁধ অপসারণে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলনের হুমকিও দেন হাবিব।
সংবাদ সম্মেলনে সচেতন নাগরিক সমাজের আহবায়ক মো. হোসেন কোম্পানী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক জহুর আহমদ কোম্পানী, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম, ঈশানমিস্ত্রি হাট ব্যবসায়ী সমিতির সভাপতি নজির আহমদ ও আনন্দবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পদাক এজাহারুল হক উপস্থিত ছিলেন।
