২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের বিএএফ শাহীন কলেজে অতিরিক্ত বেতন-ফি’র অভিযোগ

চট্টগ্রামের বি এ এফ শাহীন কলেজে অতিরিক্ত বেতন ও ফি আদায়ের অভিযোগ করেছে কলেজটির শিক্ষার্থীদের অভিভাবকদের সংগঠন অভিভাবক ফোরাম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2016, 07:23 PM

Updated : 20 Aug 2022, 01:23 PM

শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে তারা এ অভিযোগ করেন।

সম্মেলন থেকে বর্ধিত বেতন-ফি কমাতে এক সপ্তাহের সময় বেঁধে দেন অভিভাবকরা। এই সময়ের মধ্যে অবস্থার পরিবর্তন না হলে মানববন্ধন এবং পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

সম্মেলনের লিখিত বক্তব্যে অভিভাবক ফোরামের আহ্বায়ক সাখাওয়াত কামাল বলেন, অভিভাবকদের লিখিতভাবে না জানিয়ে শুধুমাত্র নোটিস বোর্ডে বিজ্ঞপ্তি এবং শ্রেণি শিক্ষকদের মাধ্যমে বেতন বৃদ্ধির বিষয়টি জানানো হয়।

“জানুয়ারিতে সেশন ফি এবং ওই মাস থেকে বেতন দেওয়ার পর মে মাসে এসে আবার সেশন ফি ও বেতন বাড়ানো হয়।”

কলেজের বাংলা মাধ্যমের বেতন ৯৮০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৫৮০ টাকা এবং ইংরেজি মাধ্যমের বেতন এক হাজার ৩২০ টাকা থেকে দুই হাজার ১১৫ টাকা করা হয়।

এছাড়া বাংলা মাধ্যমের সেশন ফি দুই হাজার ২০০ টাকা থেকে পাঁচ হাজার টাকা এবং ইংরেজি মাধ্যমের সেশন ফি দুই হাজার ৫০০ টাকা থেকে ছয় হাজার টাকা করা হয়।

সাখাওয়াত কামাল বলেন, বর্ধিত বেতন ধরে জানুয়ারি মাস থেকে এপ্রিল পর্যন্ত বকেয়া বেতনও পরিশোধ করতে বলা হয়।

ইতোমধ্যে এ নিয়ে জেলা প্রশাসক ও সিটি মেয়রকে স্মারকলিপি দেওয়া হয়েছে বলে জানান সাখাওয়াত কামাল।

তিনি বলেন, ১৬ জুলাই জেলা প্রশাসক কলেজকে শোকজ করে। এর জবাবে শিক্ষক-কর্মচারীদের বর্ধিত বেতন ও উন্নয়ন খাতে ব্যয়ের জন্য শিক্ষার্থীদের বেতন-ফি বাড়ানো হয়েছে বলে জবাব দেয় কলেজ।

সংবাদ সম্মেলনে উপস্থিত অভিভাবক ফোরামের সুহৃদ আইনজীবী জানে আলম বলেন, এভাবে বছরের মাঝমাঝি বেতন-ফি বাড়াতে পারে না। যে কোনো কলেজ জেলা প্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন।

সাখাওয়াত কামাল বলেন, নির্ধারিত সময়ে মধ্যে বেতন-ফি না কমলে আগামী সপ্তাহে মানববন্ধন ও এরপর আইনগত ব্যবস্থা নেব।

“মৌলভীবাজারের শমসের নগরের শাহীন কলেজে অতিরিক্ত বেতন-ফি’র বিষয়ে গত মাসে অভিভাবকরা আদালতে রিট করলে বর্ধিত বেতন-ফি আদায়ে আদালত স্থগিতাদেশ দিয়েছে।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে অভিভাবক ফোরামের মো. আব্দুল হান্নান, কাজল কান্তি লোধ, শফিউল আলম, হুমায়ুন কবির, সেকান্দর আজম, মজিদুল আলম, মো. সেলিম উপস্থিত ছিলেন।