চট্টগ্রাম কলেজ: এবার যুবলীগ সংগঠকের বিরুদ্ধে মামলা
চট্টগ্রাম কলেজে সংঘর্ষের ঘটনায় হামলার অভিযোগ এনে স্থানীয় যুবলীগ সংগঠক নুরুল মোস্তফা টিনুসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার দুপুরের দিকে চকবাজার থানায় এ মামলা দায়ের করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির অনুসারী হিসেবে পরিচিত চট্টগ্রাম কলেজের বাংলা তৃতীয় বর্ষের ছাত্র আছাদুজ্জামান।
চকবাজার থানার ওসি আজীজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় আসামি হিসেবে নুরুল মোস্তফা টিনুসহ ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এছাড়া অজ্ঞাত পরিচয় আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
গত ৩১ জুলাই সকালে স্থানীয় যুবলীগ সংগঠক টিনু ও নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক রনির অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। টিনুর অনুসারীরা কলেজে ঢুকে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করার চেষ্টা করলে এ সংঘর্ষ বাঁধে। সে সময় অন্তত সাতজন আহত হয়, যাদের মধ্যে অন্তত তিনজন ছিল গুলিবিদ্ধ।
ঘটনার পরদিন হামলার অভিযোগ এনে ১১ জনের বিরুদ্ধে মামলা করেন টিনুর অনুসারীরা। এছাড়া ‘হামলাকারীদের’ গ্রেপ্তার চেয়ে ৭ অগাস্ট থেকে সর্বাত্মক ধর্মঘট পালনের হুমকিও ইতিমধ্যে দিয়েছে তারা।
নুরুল মোস্তফা টিনু বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র অনুসারী হিসেবে পরিচিত। আর নগর ছাত্রলীগ নেতা রনি মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
ওইদিন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় টিনু বহিরাগতদের ‘প্রশ্রয়দাতা’ হিসেবে কাজ করেছেন বলে অভিযোগ করেন রনির অনুসারী চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের নেতা মাহমুদুল করিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় বহিরাগতদের ‘প্রশ্রয়দাতা’ টিনুসহ ১৪ জনের বিরুদ্ধে এ মামলা হয়েছে।”
এছাড়া ওইদিনের ককটেল হামলায় ইলিয়াছ উদ্দিন নামে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়ুয়া ছাত্রলীগের এক কর্মী ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে বলেও জানান তিনি।
