২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হেফাজতের ‘জঙ্গিবাদবিরোধী’ সমাবেশ

সন্ত্রাস ও জঙ্গি হামলার প্রতিবাদের সঙ্গে সর্বস্তরে ইসলামী শিক্ষা চালুর দাবিতে চট্টগ্রামে সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2016, 09:27 PM

Updated : 12 Apr 2022, 02:35 AM

শুক্রবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর আন্দরকিল্লাহ জামে মসজিদ চত্বরে এ সমাবেশ হয়।

সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব জুনায়েদ বাবুনগরী বলেন, ইসলাম সন্ত্রাসকে সমর্থন করে না। গুম, খুন, সন্ত্রাসের রাজনীতি ইসলামে নেই। নিরহ মানুষকে অস্ত্র দিয়ে হত্যা করা সন্ত্রাস, জিহাদ না।

“সন্ত্রাস জিহাদ না, সন্ত্রাস দমনের জন্য জিহাদ।”

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বিভিন্ন সময়ে আটকদের বিচারের দাবি জানালেও নির্দোষ ব্যক্তিদের ধরে এনে জঙ্গি কর্মকাণ্ডের দোষ চাপানো হচ্ছে বলে অভিযোগ করেন এ হেফাজত নেতা।

তিনি বলেন, “নির্দোষ ব্যক্তিদের ধরে এনে যদি দোষ চাপিয়ে দেওয়া হয়, তাহলে সন্ত্রাস দমন করা সম্ভব হবে না।”

জঙ্গি দমনে ইসলামী শিক্ষা ব্যবস্থা চালুর দাবি জানান বাবুনগরী।

সমাবেশে অন্যদের মধ্যে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাঈনুদ্দীন রূহী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, বগুড়া জেলা কমিটির সেক্রেটারি শামসুল হক, সরোয়ার কামাল আজিজীসহ বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে একটি মিছিল নগরীর আন্দরকিল্লা থেকে চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় গিয়ে শেষ হয়।

সমাবেশকে ঘিরে আন্দরকিল্লা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় ও আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন করা হয়।