২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের শতবর্ষী মুন্সী পুকুর সংরক্ষণের নির্দেশ হাই কোর্টের

চট্টগ্রামের চকবাজার এলাকায় শতবর্ষী মুন্সী পুকুর সংরক্ষণের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2016, 10:02 PM

Updated : 20 Aug 2022, 01:22 PM

বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি কাশেফা হোসেনের হাই কোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার এ রায় দেয়।

পুকুরটি বা এর ভেতরের কোনো অংশ ভরাট বন্ধ এবং ওখানে কোনো স্থাপনা থাকলে তা উচ্ছেদ করাসহ ওই পুকুরটি সংরক্ষণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান রিট আবেদনকারীদের আইনজীবী মনজিল মোরসেদ।

মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের পরিচালকের প্রতি ওই নির্দেশ দেওয়া হয়েছে। এ রায় বাস্তবায়নে স্থানীয় পুলিশ প্রশাসনকে সহায়তা করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী মুন্সী পুকুর অবৈধ দখল ও ভরাট বিষয়ে ২০১২ সালে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়।

ওই প্রতিবেদনের ভিত্তিতে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে দুই আইনজীবী ওই বছরই জনস্বার্থে এই রিট আবেদন করেন।

রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সে সময় আদালত রুলসহ স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার আদালত রায় ঘোষণা করেন।  

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।সঙ্গে ছিলেন আইনজীবী সঞ্জয় মন্ডল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম।