২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মামলায় ফাঁসানোর অভিযোগ

‘চাঁদা না দেওয়ায়’ চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় করা মামলায় এক ব্যবসায়ীকে ‘ফাঁসানো’ হয়েছে বলে অভিযোগ উঠেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2016, 08:55 PM

Updated : 12 Apr 2022, 02:35 AM

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন চকবাজার এলাকার ব্যবসায়ী এইচ এম সোহরাব মোস্তফা।

তিনি বলেন, “আমি ব্যবসায়ী পরিবারের সন্তান। চকবাজার এলাকায় সায়েন্স পয়েন্ট নামে একটি কোচিং সেন্টার, গ্রেক চট্টগ্রাম (জিআরই প্রশিক্ষণ কেন্দ্র) এবং কে আর এস ট্রান্সপোর্ট নামের তিনটি প্রতিষ্ঠান আছে।

“কিছুদিন আগে একটি স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদে জানতে পারি চট্টগ্রাম কলেজে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় করা মামলায় আসামির তালিকায় আমার নাম ১১ নম্বরে। অথচ ওই ঘটনার সঙ্গে আমার বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই।”

সোহরাব বলেন, সম্প্রতি ‘চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ’ পরিচয়ে তার কাছে দুই লাখ টাকা চাঁদা চাওয়া হলে তিনি তা দেননি।

ওই চাঁদা না দেওয়ায় উদ্দেশ্যমূলকভাবে আমাকে এ মামলায় জড়ানো হয়েছে।”

চাঁদা চাওয়ার বিষয়টি পুলিশকে জানালে ‘পরিণতি ভালো হবে না’ বলে হুমকি শুনে তখন ঘটনাটি পুলিশকে জানাননি বলে দাবি করেন এই ব্যবসায়ী।

গত ৩১ জুলাই চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এরপর প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির অনুসারী বলে পরিচিত স্থানীয় যুবলীগ সংগঠক নুরুল মোস্তফা টিনুর সমর্থক ছাত্রলীগের অংশটি অন্য অংশের বিরুদ্ধে মামলা করে।

ওই মামলায় ১১ জনকে আসামি করা হয়। আসামিদের অধিকাংশই চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির অনুসারী চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের নেতাকর্মী।