চট্টগ্রামে আইআইইউসি’র সব কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে
বেসরকারি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) সব ধরনের শিক্ষা কার্যক্রম বিশ্ববিদ্যালয়টির কুমিরার স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করা হয়েছে।
বুধবার গণমাধ্যমে আইআইইউসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিশ্ববিদ্যালয়টির সহকারী পরিচালক (জনসংযোগ) মোসতাক খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইআইইউসি’র মোট ১১টি বিভাগের মধ্যে সাতটি বিভাগের কার্যক্রম আগে থেকেই কুমিরার স্থায়ী ক্যাম্পাসে পরিচালিত হত।
“এর বাইরে আমাদের চারটি বিভাগের শিক্ষা কার্যক্রম নগরীর কয়েকটি স্থানে পরিচালিত হত। আগে থেকেই সেগুলো স্থায়ী ক্যাম্পাসে সরিয়ে নেওয়ার কাজ চলছিল।”
মোসতাক খন্দকার বলেন, সব কয়টি বিভাগ স্থানান্তরের কাজ শেষ। এখন থেকে সব ধরনের শিক্ষা কার্যক্রম কুমিরার স্থায়ী ক্যাম্পাসেই পরিচালিত হবে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সারা দেশে নয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ৬৩টি শাখা ক্যাম্পাসের তালিকা প্রকাশ করে।
এরমধ্যে চট্টগ্রামের আইআইইউসি’র পাঁচটি শাখা ক্যম্পাস আছে বলে উল্লেখ করা হয়।
সেগুলো হলো- চট্টগ্রামের বহদ্দারহাট, কর্ণফুলী ভবন, কেয়ারি শপিং মলের পেছনে বর্ধিত ভবন, গুলজার টাওয়ারের বিপরীত পাশে ও চট্টেশ্বরী রোডে।
