২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২১ সংস্থাকে নিয়ে সমন্বয় সভা সিসিসির

সমন্বয় করে নগরীর কাজ করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিপত্র জারির পর সেবাদানকারী ২১ সংস্থাকে নিয়ে প্রথম সভা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2016, 07:14 PM

Updated : 20 Aug 2022, 01:21 PM

বুধবার নগর ভবনে এ সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের ২১টি সরকারি সংস্থার শীর্ষ কর্মকর্তারা।

সভায় খাল খননে জায়গা অধিগ্রহণে দীর্ঘসূত্রতা, রাস্তা প্রশস্ত করার পরও বিদ্যুতের খুঁটি না সরানো, নালার ভেতর দিয়ে ওয়াসার পাইপলাইন স্থাপনে জটিলতা, গ্যাস ও বিটিসিএল’র তার স্থাপনে জটিলতার বিষয়গুলো উঠে আসে।

অপরিকল্পিত রাস্তা খোড়াখুড়ি, মাদক নিয়ন্ত্রণ, ফুটপাত-রাস্তা দখলমুক্ত করা এবং সিসিসি’র পাওনা পৌরকর পরিশোধের বিষয় নিয়েও আলোচনা হয়।

সভায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, উন্নয়ন কার্যক্রম সমন্বয়ের ভিত্তিতে না হলে তা জনস্বার্থে সম্পূর্ণ কাজে লাগে না।

“তিন মাস পরপর এ সভা হবে। সভার সিদ্ধান্ত ও আলোচ্যসূচি সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হবে।”

সভায় মেয়র সিসিসির বর্জ্য সরাতে ‘সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের’ জন্য জমি বরাদ্দ দিতে রেলওয়েকে অনুরোধ জানান।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ‘বঙ্গবন্ধু নভোথিয়েটার’ নির্মাণে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরীর বাকলিয়ায় জমি অধিগ্রহণের বিষয়টিও সভায় জানানো হয়।

মেয়র সমন্বয় সভায় উপস্থিত সমাজকল্যাণ অধিদপ্তরের কর্মকর্তাকে নগরীতে বিধবা ভাতা চালু করা যায় কি না- তা ভেবে দেখার অনুরোধ জানান।

অবৈধ স্থাপনা উচ্ছেদ না করা গেলে বাসযোগ্য নগরী গড়া যাবে না মন্তব্য করে সম্প্রতি সিসিসির অধিগ্রহণকৃত মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজের দেওয়াল ঘেঁষে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা প্রয়োজন বলে জানান তিনি। 

মাদকের আগ্রাসন থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় নিয়মিত অভিযান চালানোর ওপরও গুরুত্বারোপ করেন আ জ ম নাছির।

তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নগরীর প্রতিটি ওয়ার্ডে দুর্যোগ প্রতিরোধ মহড়া হবে।

জলাবদ্ধতাসহ ‘উত্তরাধিকার সূত্রে পাওয়া সমস্যাগুলো’ সমাধানে সমন্বয়ের বিকল্প নেই মন্তব্য করে মেয়র নাছির বলেন, সবার সহযোগিতা পেলে সমস্যার সমাধান সম্ভব।

সভায় উপস্থিত ২১টি সরকারি সংস্থার কর্মকর্তারা তাদের প্রকল্প সম্পর্কে মেয়রকে অবহিত করেন।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম ঢাকায় থাকায় এই সভায় ছিলেন না।

সম্প্রতি সরকারি-আধা সরকারি সংস্থার উন্নয়ন কাজে সমন্বয় সাধনে সব প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে সিটি মেয়রকে অবহিত করতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি হয়।

এরপর বুধবারই প্রথমবারের মত এ সভা হয়। এর আগে গত বছর মেয়রের দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন সেবা সংস্থাকে নিয়ে কয়েকটি সভা করেছিলেন নাছির। 

বুধবারের সভায় অন্যদের মধ্যে ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল খালেদ ইকবাল, সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী শফিউল আলম, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ, চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ও সিসিসি সচিব আবুল হোসেন।

ছিলেন মহানগর পরিবেশ অধিদপ্তরের পরিচালক আজাদুর রহমান মল্লিক, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির মহাব্যবস্থাপক সামশুর রহমান খান এবং বিটিসিএল, ফায়ার সার্ভিস, ‍যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা মৎস্য দপ্তর, জেলা প্রাণিসম্পদ দপ্তর, চট্টগ্রাম মহানগর ‍পুলিশ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও পরিবার-পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তারাও।