২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসি: পদোন্নতি ছাড়াই ‘পদমর্যাদায়’ উন্নতি

চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ১৮ প্রকৌশলীকে তাদের বর্তমান পদের একধাপ উপরে ‘পদমর্যাদা’ দেওয়া হয়েছে কোনো পদোন্নতি ছাড়াই।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2016, 12:47 AM

Updated : 20 Aug 2022, 01:22 PM

সোমবার রাতে এ সংক্রান্ত এক অফিস আদেশে স্বাক্ষর করেন সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম।

এতে ‘পদমর্যাদা বৃদ্ধি’ হওয়াদের মধ্যে নতুন করে দায়িত্ব বণ্টনও করা হয়।

ওই আদেশে বলা হয়, “উপরোক্ত কর্মবণ্টনের মাধ্যমে প্রদত্ত পদমর্যাদা কোনোভাবেই নিয়মিত পদোন্নতি বলে বিবেচিত হবে না এবং দাবিও করা যাবে না।”

এতোদিন ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দায়িত্ব পালন করে আসা নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম ও আনোয়ার হোছাইনকে এই পদ দেওয়া হয়েছে অফিস আদেশে।

এছাড়া নির্বাহী প্রকৌশলী থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর পদ পেয়েছেন কামরুল ইসলাম, মুনিরুল হুদা ও আবু ছালেহ।

সহকারী প্রকৌশলী থেকে নির্বাহী প্রকৌশলী হয়েছেন- রফিক উদ্দিন, বিপ্লব দাশ, মো. ফরহাদুল আলম, হারাধন আচার্য্য, আহমদুল হক, এসএম আইয়ুব, অসীম বড়ুয়া, আবু সাদাত মো. তৈয়ব, এম সাইফুর রহমান ও শাহীন উল ইসলাম চৌধুরী।

ওই অফিস আদেশে বলা হয়, “বর্তমানে উপরোক্ত কর্মকর্তাগণ যিনি যে বেতন স্কেল/সাকুল্য ভোগ করছেন তা বহাল থাকবে। প্রদত্ত পদমর্যাদায় দায়িত্ব পালনের কারণে বর্তমানের চেয়ে উচ্চতর বেতন স্কেল/সাকুল্য দাবি করতে পারবেন না।

“কর্পোরেশনের কাজের সুবিধার্থে উপরোক্ত কর্মবণ্টন করা হল।”

ওই অফিস আদেশের একটি অনুলিপি মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে আসে।

তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদমর্যাদা পাওয়া একজন নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘদিন অপেক্ষার পর পদ পেলাম। এতে কাজের গতি আসবে। বেতন-ভাতা না বাড়লেও পদবি অনু্প্রেরণা হিসেবে কাজ করবে।”

যাদের ‘পদমর্যাদা’ বেড়েছে তারা সন্তোষ প্রকাশ করলেও সিসিসির প্রকৌশলী বিভাগের কয়েকজন কর্মকর্তা অসন্তোষ জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এসব কর্মকর্তার অভিযোগ, এক্ষেত্রে কোনো নীতিমালাই মানা হয়নি।

পরবর্তীতে পদোন্নতির ক্ষেত্রে এ আদেশ নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে বলে মন্তব্য তাদের।

এরআগে ২০১৪ সালে সিসিসির ১৪ কর্মকর্তার নিয়োগ-দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করেছিল দুর্নীতি দমন কমিশন।

এছাড়া পদোন্নতি নিয়ে সিসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের করা বেশ কিছু মামলা এখনো বিচারাধীন আছে।

প্রকৌশলীদের পদমর্যাদা উন্নীতের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম বলেন, “এ বিষয়ে আদেশে যা উল্লেখ আছে তাই। বিস্তারিত পরে জানাতে পারব।”

পুরনো খবর:

নিজেদের মামলায় ‘দিশাহারা’ চট্টগ্রাম সিটি করপোরেশন