‘নির্বাচন নিয়ে সাংবাদিকদের বিভাজন যেন না হয়’
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মাঝে যেন কোনো ‘বিভাজন’ সৃষ্টি না হয় সে বিষয়ে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সাংবাদিকদের উদ্দেশে ইকবাল সোবহান বলেন, দেশের সকল অগ্রযাত্রায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নির্বাচন কিংবা অন্য কোনো কারণে সাংবাদিকদের মধ্যে যেন বিভেদ বা অনৈক্য না হয় সেজন্য সকলকে সজাগ থাকতে হবে।
গত ২৯ জুলাই বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজের) আওয়ামী লীগ সমর্থিত অংশের সভাপতি পদে উপ-নির্বাচন হয়।
এতে সভাপতি পদে তিন জন প্রতিদ্বন্দ্বী ছিলেন। ভোটে জয়ী হন একুশে টেলিভিশনের সিইও মঞ্জুরুল আহসান বুলবুল।
গত ২৪ জানুয়ারি বিএফইউজে সভাপতি আলতাফ মাহমুদের মৃত্যু হওয়ায় শূন্য পদে এই উপ-নির্বাচন হয়। গত বছর নভেম্বরের নির্বাচনে আলতাফ মাহমুদ সভাপতি হওয়ার আগে টানা দুই মেয়াদে সংগঠনটির সভাপতি ছিলেন বুলবুল।
এবারের নির্বাচনে বুলবুলের প্রতিদ্বন্দ্বী ছিলেন বৈশাখী টেলিভিশনের সিইও-চট্টগ্রামে সাংবাদিকতা শুরু করা অশোক চৌধুরী এবং ডেইলি স্টারের সাংবাদিক আবদুল জলিল ভুঁইয়া।
মঙ্গলবারের সভায় বিএফইউজে নির্বাচন বিষয়ে ইকবাল সোবহান বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় একজন ভোটার যে কোনো প্রার্থীকেই ভোট দিতে পারে।
“এখন নির্বাচন শেষ। তাই এটা নিয়ে যাতে আমাদের মাঝে কোনো বিভাজন সৃষ্টি না হয়। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের সব সাংবাদিক ঐক্যবদ্ধ থাকব।”
তিনি বলেন, প্রগতিশীল সাংবাদিকতায় চট্টগ্রামের ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্য সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সাম্প্রতিক জঙ্গি হামলা পরবর্তী পরিস্থিতি বিষয়ে ইকবাল সোবহান বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে দেশব্যাপী ঐক্যের সৃষ্টি হয়েছে। সমাজের সর্বস্তরের মানুষ আজ ঐক্যবদ্ধ। এদেশে জঙ্গিবাদের কোনো ঠাঁই হবে না।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াদ হায়দার চৌধুরী।
সিইউজে’র যুগ্ম সাধারণ সম্পাদক স্বরূপ ভট্টাচার্যের সঞ্চালনায় সভায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, বিএফইউজে’র সহ-সভাপতি শহীদ উল আলম, প্রেস ক্লাব সভাপতি কলিম সরওয়ার, বিএফইউজের সাবেক সহ-সভাপতি অরুণ দাশগুপ্তসহ অন্যরা বক্তব্য রাখেন।
সভায় ১৯৭৫ সালের ১৫ অগাস্ট সপরিবারে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের স্মৃতিতে এক মিনিট নিরবতা পালন করা হয়।
