চট্টগ্রামে গ্রেপ্তার পাঁচ ‘আনসারুল্লাহ’ সদস্য রিমান্ডে
চট্টগ্রামে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সন্দেহে গ্রেপ্তার পাঁচ যুবককে তিন দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম আবদুল কাদের এ আদেশ দেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালত তিন দিন মঞ্জুর করেছে।”
গ্রেপ্তাররা হলো- আক্কাস আলী ওরফে জাহিদুল ইসলাম ওরফে নয়ন (২৩), আতিকুল হাসান ওরফে ইমন (২৬), জামশেদুল আলম ওরফে হৃদয় (২১), মো. রুবেল (২৬) ও মো. মহিউদ্দিন (১৮)।
রোববার রাতে বন্দর নগরীর পতেঙ্গা থানার কাঠগড় এলাকার একটি বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে পতেঙ্গা থানায় সোমবার মামলা হয়। ওইদিনই আদালতে রিমান্ডের আবেদন করে পুলিশ।
নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আফতাব আহমেদ জানান, সন্ত্রাসবিরোধী আইনের ৮, ৯, ১০ ও ১৩ ধারায় মামলা করা হয়েছে।
“বুধবার তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে আনা হতে পারে।”
গ্রেপ্তারদের মধ্যে আক্কাস চট্টগ্রাম কলেজের রাজনীতি বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষ, আতিকুল সরকারি কমার্স কলেজে এমবিএস, জামশেদুল আলম ওমরগনি এমইএস কলেজ বাংলা প্রথম বর্ষের, রুবেল বেসরকারি সাউর্দার্ন ইউনিভার্সিটির বিবিএ সেকেন্ড সেমিস্টার এবং মহিউদ্দিন একটি মাদ্রাসার ছাত্র।
