২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রেল কলোনি এলাকায় ধাওয়া-পাল্টাধাওয়া  

চট্টগ্রামের রেলওয়ে স্টেশন কলোনি এলাকায় ‘মাদক বিক্রির নিয়ন্ত্রণ’ নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2016, 06:15 PM

Updated : 11 Oct 2022, 08:33 PM

মঙ্গলবার এ ঘটনার পর স্থানীয় একদল নারী নগরীর আইস ফ্যাক্টরি রোড এলাকায় সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে ধাওয়া দিয়ে দুই পক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদক বিক্রেতাদের দ্বন্দ্বের জেরে গত ৫ জুলাই ওই এলাকায় মো. শফিক নামে একটি যুবক খুন হন। এর জের ধরে সকালে মাদক ব্যবসায়ী রুহুল ও মোক্তারের সঙ্গে কামালের পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার সকালে র‌্যাবের একটি দল স্টেশন কলোনি এলাকা থেকে রুহুল-মোক্তারের পক্ষের দুই জনকে আটক করে।

এরপরই রুহুল-মোক্তারের পক্ষের লোকজন কামালের পক্ষের লোকজনদের ধাওয়া দেয়; অপর পক্ষও তাদের ধাওয়া দেয়।

এসময় উভয় পক্ষের লোকজনজনকে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ায় অংশ নিতে দেখা গেছে এবং বেশ কয়েকটি ঘরের দরজা ভাংচুর করে তারা।

তাদের অভিযোগ, গত ৫ জুলাই শফিকের ‘হত্যাকারী’ কামালের লোকজনই তাদের গ্রেপ্তার করিয়েছে।

অবশ্য কাউকে গ্রেপ্তার করার কথা অস্বীকার করেছেন র‌্যাব-৭ এর স্টাফ অফিসার চন্দন দেবনাথ। সকালে র‌্যাবের কোনো দল স্টেশন কলোনি এলাকায় অভিযানে যায়নি বলেও তার দাবি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, স্টেশন কলোনি ধোপার মাঠ এলাকায় কামাল, রুহুল আমিন ও মোক্তার একত্রিত হয়ে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করত। সম্প্রতি আধিপত্য বিস্তার নিয়ে কামালের সঙ্গে মোক্তার ও রুহুল আমিনের বিরোধ হয়।

পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কামাল জামিনে ছাড়া পাওয়ার পর গত ৫ জুলাই স্টেশন কলোনি এলাকায় গেলে শফি খুন হয় বলে অভিযোগ রয়েছে।

এর জেরে ওই এলাকায় নিয়মিত ঘরবাড়ি ভাংচুর ও ছিনতাইসহ নানা ঘটনা ঘটেছে বলেও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নুর আহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা হয়েছিল। আমরা ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছি।”

এসময় পুলিশ পরিত্যক্ত অবস্থায় দুটি রাম দা উদ্ধার করেছে বলেও জানান তিনি।

পুলিশ কর্মকর্তা নুর বলেন, “র‌্যাব কাউকে আটক করেছে কিনা সেটা আমরা নিশ্চিত হতে পারিনি।”

তিনি জানান, স্থানীয় মহিলারা আইস ফ্যাক্টরি রোড এলাকায় অবস্থান নিয়ে ব্যারিকেড দিলে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।