২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘর থেকে বর্জ্য সংগ্রহে সিসিসি

‘ক্লিন ও গ্রিন সিটি’ বাস্তবায়নে চট্টগ্রাম নগরীর সাতটি ওয়ার্ডে ঘর থেকে বর্জ্য সংগ্রহ কর্মসূচির অংশ হিসেবে ময়লা রাখার ঝুড়ি বিতরণ শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2016, 08:56 PM

Updated : 20 Aug 2022, 01:20 PM

সোমবার নগরীর ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডে এ কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

তিনি বলেন, “ক্লিন ও গ্রিন সিটির ভিশন বাস্তবায়নের অঙ্গীকার থেকেই এ কর্মসূচি শুরু করেছি। এ কর্মসূচি সফল করতে দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা চাই।”

প্রাথমিকভাবে ৭, ৮, ১৫, ২২, ২৩, ৩১ ও ৩৬ এ সাতটি ওয়ার্ডে ময়লার ঝুড়ি বিতরণ শুরু করেছে সিসিসি। অগাস্ট মাসে তা বিলি শেষ হওয়ার পর বর্জ্য সংগ্রহ শুরু করা হবে।

মেয়র নাছির বলেন, নগরবাসীর অধিকার বাস্তবায়নে ত্রি-বার্ষিক কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

“চলতি বছরের মধ্যে ‘ডোর টু ডোর’ বর্জ্য কর্মসূচির সম্পন্ন করা, পরের বছর গ্রিন সিটি বাস্তবায়নের কাজ শুরু করা, ২০১৮ সালে ৪১টি ওয়ার্ডে এলইডি লাইটিং ও ২০১৯ সালে সড়ক ও বাইলেইন টেকসই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন।”

‘উত্তরাধিকার সূত্রে পাওয়া’ জলাবদ্ধতা নিরসনে বেশ কয়েকটি পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে ৩৬ নং গোসাইলডাঙ্গার কাউন্সিলর মোহাম্মদ হাবিবুল হক বর্জ্য সংগ্রহে গতি আনতে নিজস্ব অর্থায়নে কেনা একটি পিকআপ ভ্যান মেয়রকে হস্তান্তর করেন।

হাবিবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “প্রাথমিকভাবে আমার ওয়ার্ডে দুই হাজার বিন (ঝুড়ি) দেওয়া হবে। এ মাসের মধ্যে পর্যায়ক্রমে ওয়ার্ডের ১৮ হাজার পরিবারের কাছে বিন পৌঁছে দিতে পারব।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিসিসির বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান শৈবাল দাশ সুমন, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান নাজমুল হক ডিউক ও সিসিসির সচিব আবুল হোসেন।