২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের কলেজ-বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুসারে চট্টগ্রামের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন-র‌্যালি ও সভা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2016, 08:38 PM

Updated : 11 Oct 2022, 08:33 PM

সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ) ও চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) এসব কর্মসূচি পালন করে।

এছাড়া নগরীর বিভিন্ন বেসরকারি কলেজ এবং বিদ্যালয়েও জঙ্গিবাদ বিরোধী কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে মানববন্ধন শুরু হয় বেলা ১১টায়। সাড়ে ১১টায় মানববন্ধন শেষে চবি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জঙ্গিবাদ বিরোধী র‌্যালি শুরু হয়ে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়।

এরপর সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, শিক্ষার পরিবেশ সুরক্ষায় জঙ্গিবাদ-সন্ত্রাস প্রতিরোধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জিরো টলারেন্স বাস্তবায়ন করবে।

কয়েকদিন আগে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি বিষয়ে উপাচার্য ইফতেখার উদ্দিন বলেন, একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে আমি মোটেও বিচলিত নই। জন্ম-মৃত্যু একমাত্র আল্লাহর হাতে।

চবি রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ কামরুল হুদার সভাপতিত্বে সভায় উপ-উপাচার্য শিরীণ আখতার, চবি শিক্ষক সমিতির সভাপতি এ এফ এম আওরঙ্গজেব ও সাধারণ সম্পাদক সুকান্ত ভট্টাচার্য বক্তব্য রাখেন।

চুয়েট ক্যাম্পাসেও সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী র‌্যালি, মানববন্ধন ও সমাবেশ হয়েছে। বেলা ১১টায় চুয়েটের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলমের নেতৃত্বে র‌্যালির মাধ্যমে কর্মসূচি শুরু হয়।

‘দেশকে ভালোবাসুন, জঙ্গিবাদ প্রতিরোধ করুন’ স্লোগান নিয়ে চুয়েটের মূল ফটক থেকে শুরু হওয়া র‌্যালি ক্যাম্পাসের গোল চত্বরে গিয়ে শেষ হয়।

শিক্ষার্থীদের হাতে থাকা ব্যানার-ফেস্টুনে লেখা ছিল- ‘অসাম্প্রদায়িক বাংলায়, সন্ত্রাস ও জঙ্গিবাদের ঠাঁই নাই’, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের ঠিকানা চুয়েট হবে না’, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ দেশ, জাতি, ধর্ম ও মানবতার শত্রু’ ইত্যাদি।

সমাবেশে মোহাম্মদ রফিকুল আলম বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের সুন্দর পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চলছে। বাংলাদেশের অগ্রযাত্রা রুখে দিতেই অপশক্তি সন্ত্রাস ও জঙ্গিবাদ বিস্তারের চেষ্টা করছে।

চুয়েট এর জঙ্গিবাদ বিরোধী মনিটরিং সেলের সভাপতি ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মোহাম্মদ মশিউল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক উপাচার্য মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন বিভাগের প্রধানরা।

এদিকে বেলা ১১টার দিকে নগরীর জাকির হোসেন সড়কে সিভাসু ক্যাম্পাসে র‌্যালি ও মানববন্ধনে অংশ নেয় সিভাসুর শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যরা।

মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন সিভাসু উপাচার্য অধ্যাপক গৌতম বুদ্ধদাশ, সিভাসু শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ নুরুল আবছার খান, প্রক্টর ড. মোহাম্মদ আলমগীর হোসেনসহ অন্যরা।

‘জঙ্গিবাদ নয়, আমরা চাই মানবতাবাদী বাংলাদেশ’ স্লোগান নিয়ে কর্মকসূচি পালন করেছে বেসরকারি ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় (ইডিইউ)।

সোমবার সকালে নগরীর গোসাইলডাঙ্গা ক্যাম্পাসে মানববন্ধন ও র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান বলেন, জঙ্গিবাদ নিয়ে সরকারকে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।

“যারা জঙ্গিবাদের মত ঘৃণ্য কাজে জড়িত তারা সুস্থ ও বিবেকবান বলে আমরা মনে করি না। জঙ্গিবাদ প্রতিরোধে দেশ প্রেমিকদের জেগে ওঠার এখনই সময়। চুপ থাকলে তা সমাজের জন্য মঙ্গল বয়ে আনবে না।”

অভিভাবকদের উদ্দেশে অধ্যাপক সিকান্দার খান বলেন, আপনার সন্তান কী করছে তা আগে খোঁজ না নিলেও, এখন নিন। কারণ জঙ্গিবাদ কোনো ব্যক্তিকে নয়, একটি পরিবারের সবাইকে নিঃস্ব করে দেয়।

ইডিইউ’র অ্যাসোসিয়েট ডিন ড. মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ট্রেজারার শামস উদ দোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সজল বড়ুয়া।

নগরীর জামালখান এলাকায় সিআইইউ’র চত্বরে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা হয়।

আলোচনায় উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, জঙ্গিবাদ কেবল অস্ত্র দিয়ে নয়, মুখের ভাষাতেও হতে পারে। আমরা যেন পরস্পরের প্রতি আক্রমণাত্মক না হই।

“যুগ যুগ ধরে এদেশে সব ধর্মের মানুষ পারস্পরিক সহমর্মিতায় সহাবস্থান করছে। যে কোনো মূল্যে এই পরিবেশ বজায় রাখতে হবে।”

সভায় প্রক্টর রশিদ এ চৌধুরী, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক নুরুল আবসার নাহিদ, মানবসম্পদ বিভাগের চেয়ারম্যান মোসলেহউদ্দিন খালেদ বক্তব্য রাখেন।

বেলা ১১টায় নগরীর প্রবর্তক মোড়  ক্যাম্পাসের সামনে মানববন্ধন করে বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

এতে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক অনুপম সেন, রেজিস্ট্রার মো. আবু তাহের, প্রকৌশল বিভাগের ডিন অধ্যাপক অনিল কান্তির ধর, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী ডিন মঈনুল হক ও পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মুহাম্মদ ইব্রাহিম বক্তব্য রাখেন।