ভগ্নিপতি হত্যায় শ্যালকের যাবজ্জীবন
ভগ্নিপতিকে পিটিয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের আদালত।
রোববার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নুরে আলম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত নিপাত কর্মকার ঘটনার পর থেকে পলাতক বলে অতিরিক্ত জেলা পিপি লোকমান হোসেন চৌধুরী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দিয়েছেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, ২০০৭ সালের ৩ অক্টোবর সকালে ফটিকছড়ির ভুজথানার রামগড় চা বাগানের ১৭ নম্বর সেকশনের রাস্তার ওপর চা শ্রমিক হরিমোহন রায়কে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত নিপাত কর্মকার।
স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর হরিমোহনের মৃত্যু হয়।
স্বামীর হাতে নির্যাতনের শিকার হলে বোন ভাই নিপাতকে জানায়। এর জেরেই ভগ্নিপতিকে মারধর করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
আইনজীবী লোকমান জানান, এ ঘটনায় হরিমোহনের বোন গিতালী কর্মকার ২০০৭ সালের ৪ অক্টোবর একটি হত্যা মামলা করেন।
আদালতে ২০০৮ সালে ৩ মার্চ অভিযোগপত্র দাখিল করা হয় এবং পরের বছরের ৪ অগাস্ট অভিযোগ গঠন করা হয়।
