ইউআইটিএস এ ‘বিজনেস প্রমোশন ডে’র মেলা
‘বিজনেস প্রমোশন ডে’ উপলক্ষে চট্টগ্রামের বেসরকারি ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স (ইউআইটিএস) এ মেলা হয়েছে।
শনিবার দুপুরে ঢাকার বারিধারায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ মেলা হয়। বিশ্ববিদ্যালয়টির ‘স্কুল অব বিজনেসে’র এ মেলার আয়োজন করে।
মেলা উদ্বোধন করেন ইউআইটিএস এর বোর্ড অব ট্রাস্টিজ এবং শিল্পগ্রুপ পিএচপি’র চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান।
অনুষ্ঠানে মিজানুর রহমান বলেন, শিক্ষার্থীরাই এদেশকে ভবিষ্যতে উন্নতির শিখরে নিয়ে যাবে। তাদেরকে সুশিক্ষার পাশাপাশি উন্নত চরিত্রের অধিকারী করে গড়ে তুলতে হবে।
“কু-শিক্ষার কালো থাবা থেকে অত্যন্ত সর্তকতার সাথে ও কঠিন অনুশাসনের মাধ্যমে তাদের রক্ষা করতে হবে। তবেই আমাদের লক্ষ্য অর্জিত হবে।”
মেলায় বিষয়ভিত্তিক স্টল নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
মেলায় অনলাইন শপিং, এন্টারপ্রেনারশিপ, সেলসম্যানশিপ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, বই, ফ্যাশন ডিজাইনিং, হস্তশিল্প, খাবার ও ক্যাটারিং সার্ভিসসহ বিভিন্ন ধরনের স্টল ছিল।
প্রাণ ডেইরি লিমিটেডে সহায়তায় এ মেলায় মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান রবি, ডাচ বাংলা ব্যাংক, ইউ আই সিস্টেমস, হেলথ প্রায়ার ডটকম, রকমারি ডটকম, সিসিলি বিউটি পার্লারসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়।
অনুষ্ঠানে ইউআইটিএস এর উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সোলায়মান, বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক কে এম সাইফুল ইসলাম খান, কোষাধ্যক্ষ এস আর হিলালী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ ন ম শরীফ ও বিজনেস স্কুলের ডিন মোহাম্মদ নাজমুল হাসান উপস্থিত ছিলেন।
