চট্টগ্রামে পাঁচ ব্যক্তিত্বকে হত্যার হুমকিতে উদীচীর নিন্দা
চট্টগ্রামের নাগরিক সমাজের পাঁচ ব্যক্তিত্বকে হত্যার হুমকির প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
সমাজবিজ্ঞানী ও বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেনসহ পাঁচ ব্যক্তিত্বকে গত ২৫ জুলাই ডাকযোগে এক চিঠি পাঠিয়ে ওই ‘হত্যার হুমকি’ দেওয়া হয়।
এ ঘটনায় শুক্রবার উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী ও সাধারণ সম্পাদক প্রবীর সরদার এক বিবৃতিতে এই প্রতিবাদ ও নিন্দা জানান।
তাদের প্রতিবাদপত্রে বলা হয়, “গত কয়েক বছর ধরে একটি গোষ্ঠী বারবার দেশের শিক্ষা ও সংস্কৃতির সাথে জড়িত বিশিষ্টজনদের নানাভাবে হুমকি দিয়ে আসছে।
“বিশেষ করে যারা একাত্তরের চিহ্নিত যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে জনতার আন্দোলনে বহু বছর ধরে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন, তাদেরকে আরও বেশি করে হুমকি দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার হুমকি দেওয়া হয়েছে চট্টগ্রামের পাঁচ বিশিষ্ট জনকে।”
অধ্যাপক অনুপম সেন ছাড়াও চিঠিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শওকত বাঙালি এবং উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি ও গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সদস্য সচিব চন্দন দাশকে ‘হত্যার হুমকি’ দেওয়া হয়।
প্রতিবাদপত্রে উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, মুক্তিযুদ্ধে চার মূলনীতি অনুযায়ী একটি ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লড়াইয়ে তারা প্রত্যেকেই অগ্রণী সৈনিক হিসেবে ভূমিকা রাখছেন।
দেশের প্রগতিশীল সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করতে এ ধরনের মানুষদের হত্যার হুমকি দেওয়ার ‘মূল উদ্দেশ্য’ বলে মন্তব্য করেন কামাল লোহানী ও প্রবীর সরদার।
অবিলম্বে হুমকিদাতাদের চিহ্নিত করা, গ্রেপ্তার করা এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকার ও প্রশাসনের কাছে বিবৃতিতে দাবি জানায় উদীচী। একইসঙ্গে হুমকি পাওয়া পাঁচ ব্যক্তিত্বের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান তারা।
