২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবা, চোলাইমদসহ তিন বিক্রেতা গ্রেপ্তার

চট্টগ্রামে পাঁচ হাজার ইয়াবা ও চোলাইমদসহ তিন বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2016, 05:22 PM

Updated : 20 Aug 2022, 01:18 PM

বাঁশখালী উপজেলা ও নগরীর শাহ আমানত সেতু এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন বাঁশখালীর নিয়াজের পাড়ার ইরন পালের স্ত্রী পটু পাল (৪৫) ও আবু ছৈয়দ (৩৩)

আর শাহ আমানত সেতু এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আবুল কাশেমকে (৪৫)।

বাঁশখালী থানার ওসি আলমগীর হোসেন জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মিয়ার বাজার নিয়াজের পাড়া এলাকা থেকে পটুকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, বাড়িতে মদ বিক্রির খবর পেয়ে ভোরে পটুর বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানে বাড়ি থেকে ৩০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয় বলে জানান ওসি আলমগীর।

এছাড়া উপজেলার প্রেম বাজার এলাকা থেকে তিন হাজার ইয়াবাসহ আবু ছৈয়দকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি আলমগীর।

তিনি জানান, মঙ্গলবার রাতে ছৈয়দ কক্সবাজার থেকে চট্টগ্রামে আসছিলেন।

পথে বাঁশখালী-কক্সবাজার সড়কের প্রেম বাজার এলাকায় তল্লাশি করে তার কাছে ইয়াবাগুলো পাওয়া যায়।

ছৈয়দ কক্সবাজারের উখিয়ার বাসিন্দা।

এদিকে নগরীর শাহ আমানত সেতু এলাকা থেকে দুই জাহার ইয়াবাসহ আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয় বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক আলী আসলাম হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কাশেম বিশেষ কৌশলে পেটের ভেতর করে ইয়াবাগুলো কক্সবাজার থেকে চট্টগ্রাম নিয়ে এসেছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে কাশেমকে আটক করে এক্স-রে তার পেটে কালো রঙের দুটি প্যাকেটের অস্তিত্ব পাওয়া যায়।

পরে তাকে অফিসে এনে মলত্যাগের মাধ্যমে প্যাকেটগুলো বের করা হয় বলে জানান আসলাম।