চট্টগ্রামে ১৫ হাজার ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার
চট্টগ্রাম নগরী থেকে ১৫ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তারের খবর জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের সদস্যরা সোমবার দুপুরে নগরীর সদরঘাট থানার সদরঘাট রোড থেকে তাদের গ্রেপ্তার করে বলে জানিয়েছেন উপ-পরিচালক আসলাম খান।
গ্রেপ্তার মো. নুরুল আলম (৩২) ও মো. নুরুন্নবী (২৭) ফটিকছড়ির রাজঘাটা ইউনিয়নের মো. দুলালের ছেলে।
অধিদপ্তরের উপ-পরিচালক আসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদে সদরঘাট রোডের শাহজাহান হোটেলের কাছে রাস্তার ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের ব্যাগ থেকে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরিদর্শক ইব্রাহীম খান বাদী হয়ে সদরঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন বলে জানান তিনি।
