ছিনতাই করে পালানোর সময় ধরা
চট্টগ্রামে টাকা ও বাইসাইকেল ছিনিয়ে নিয়ে পালানোর সময় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ভোরে নগরীর বায়েজিদ বোস্তামী থানার টেক্সটাইল গেইট এলাকা থেকে অন্তর শীল (২৪) নামের যুবককে গ্রেপ্তার করা হয় বলে ওসি মোহাম্মদ মহসিন জানিয়েছেন।
ওই এলাকার বাসিন্দা অন্তর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজী ও নারী নির্যাতনসহ ছয়টি মামলা আছে বলে জানান ওসি মহসিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, ভোরে টেক্সটাইল গেইট এলাকায় এক ব্যক্তিকে মারধর করে টাকা ও সাইকেল ছিনতাই করে অন্তর। খবর পেয়ে টহল পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
গত ছয়মাসে অন্তর তিনবার গ্রেপ্তার হয়েছে জানিয়ে ওসি মহসিন বলেন, জামিনে ছাড়া পেয়ে সে অবার অপরাধে জড়িয়ে পড়ে।
গত ১২ জানুয়ারি টেক্সটাইল এলাকায় চাঁদার দাবিতে দোকান ভাংচুরের সময় স্থানীয়রা এক সহযোগীসহ অন্তরকে আটক করে পুলিশে দিয়েছিল বলেও জানান তিনি।
