আলপাইন স্টাইলে পর্বত জয়ের দাবি চট্টগ্রামের অভিযাত্রী দলের
প্রথমবারের মত আলপাইন স্টাইলে (শেরপাদের সহযোগিতা ছাড়া) ভারতের হিমাচল প্রদেশের মাউন্ট ইয়োনাম জয়ের দাবি করেছে চট্টগ্রামের একটি অভিযাত্রী দল।
শেরপাদের সহযোগিতা ছাড়া ২০ হাজার ফিট উচ্চতার চূড়া জয়কে দেশের ইতিহাসের প্রথম বলে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন অভিযাত্রী দলটির ক্লাব ভার্টিকাল ড্রিমার্স ক্লাবের সভাপতি দেবাশীষ বল।
শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মাউন্ট ইয়োনাম (ছবি: ইন্টারনেট থেকে)
“শেরপাদের সহযোগিতা ছাড়া পর্বতে আরোহনের জন্য মাসখানেকের প্রস্তুতি নিই আমরা। গত জুলাই ২ তারিখে সকাল ১০ টা ২৫ মিনিটে আমরা মাউন্ট ইয়োনামের চূড়া স্পর্শ করি।”
অভিযানে চার সদস্যদের মধ্যে অসুস্থতাজনিত কারণে একজনকে ১৭ হাজার ফিট উচ্চতার বেজ ক্যাম্প থেকে ফিরে আসতে হয় বলে জানান দেবাশীষ বল।
পুরো অভিযান শেষ করতে সাত দিন সময় নেন ভাটির্কাল ড্রিমার্সের তিন সদস্য।
দেবাশীষ বলেন, “২ জুলাই সকালে ১৮ হাজার ফিট উচ্চতায় স্থাপিত সামিট ক্যাম্প (যেখান থেকে মূল চূড়ায় উঠার প্রস্তুতি নেয়া হয়) থেকে রওনা দিয়ে ১০টা ২৫ মিনিটের দিকে মাউন্ট ইয়োনামের শিখরে পৌঁছে যাই আমরা।”
দেশের ইতিহাসে এটাকে আলপাইন স্টাইলে প্রথম কোনো পর্বত জয় দাবি করে দেবাশীষ বলেন, “সম্পূর্ণ নিজেদের খরচে আমরা এ অভিযান পরিচালনা করেছি। ঢাকার অভিযাত্রী দলগুলো স্পন্সর পেয়ে থাকে। চট্টগ্রামে আমরা এটা পাই না।
“আর্থিক সহযোগিতা নিয়ে কোনো করপোরেট সংস্থা আমাদের পাশে এসে দাঁড়ালে আমরা আরও বড় অর্জন নিয়ে আসতে পারব দেশের জন্য।”
মাউন্ট ইয়োনাম বিজয়ী ভার্টিকাল ড্রিমার্স ক্লাবের তিনজন হলেন- ক্লাবের সভাপতি দেবাশীষ বল, সদস্য বাবর আলী ও শিহাব উদ্দিন।
অভিযাত্রী দলের আরেক সদস্য রাশিক হাফিজ উচ্চতাজনিত কারণে অসুস্থ হয়ে ১৭ হাজার ফিট উচ্চতার বেজ ক্যাম্প থেকে ফিরে আসেন।
চট্টগ্রাম ভিত্তিক পর্বতারোহীদের এ ক্লাবে ৪০ জন সদস্য রয়েছে বলে জানান দেবাশীষ বল। সংবাদ সম্মেলন শেষে মাউন্ট ইয়োনাম বিজয়ের ছবি ও ভিডিও প্রদর্শন করা হয়।
