২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার জনে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2016, 06:42 PM

Updated : 12 Apr 2022, 02:30 AM

ঘটনাস্থলে শিশুসহ তিনজন নিহত হওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন অজ্ঞাতপরিচয় আরও এক তরুণী।

শুক্রবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় ওই দুর্ঘটনায় আহত আরও নয় জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে পুলিশ।

হাইওয়ে পুলিশের দোহাজারি থানার পরিদর্শক বিমল ভৌমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রামগামী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী অন্য বাসের সংঘর্ষ হলে হতাহতের  এ ঘটনা ঘটে।

এতে এক শিশুসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন বলে জানান তিনি।  

নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- কক্সবাজারের মহেশখালীর বাসিন্দা ইছহাক মিয়া (৪০) ও কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা নুরুল আমিন (৩৫)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনায় আহত ১০জনকে হাসপাতালে নেওয়া হলে তাদের মধ্যে আনুমানিক ২৬ বছর বয়সী এক তরুণীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।