২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১৪ দলের জঙ্গিবাদ বিরোধী পদযাত্রা

জঙ্গিবাদী তৎপরতা রুখতে নগরবাসীকে সচেতন করতে পদযাত্রা কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম ১৪ দল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2016, 09:49 PM

Updated : 11 Oct 2022, 08:31 PM

বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ পদযাত্রা ও জনসংযোগ কর্মসূচি শুরু হয়।

এর আগে শহীদ মিনারে অনুষ্ঠিত এক সমাবেশে নগর আওয়ামী লীগ সভাপতি ও ১৪ দলের সমন্বয়ক এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‍“আমরা যুদ্ধজয়ী রাজনৈতিক শক্তি। আমাদের ঐক্যই আমাদের জাগ্রত রাখবে।

“যারা আওয়ামী লীগ সেজে জামায়াত-শিবির ও জঙ্গিদের সহায়তা দিচ্ছে এবং গোপনে আঁতাত করছে তাদের তালিকা করা হবে।”

ওয়ার্ড পর্যায়ে জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনা গড়তে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মহিউদ্দিন বলেন, মাদক তরুণ সমাজকে গ্রাস করছে। ইয়াবা আমাদের সন্তানদের দূষিত করছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন বলেন, যারা ইসরাইলি মোসাদের সহযোগিতায় বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানে নারকীয় অপকর্ম করছেন, তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।

আওয়ামী লীগ নেতাকর্মীদের রাজপথে থেকে জঙ্গিবাদ মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

আর বিএনপি নেত্রী খালেদা জিয়ার জঙ্গিবিরোধী জাতীয় ঐক্যের ডাককে ‘তামাশা’ মন্তব্য করে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, “তাকেই আগে জামায়াতসহ সব যুদ্ধাপরাধীর সঙ্গ ত্যাগ করতে হবে।”

সমাবেশে অন্যদের মধ্যে ওয়ার্কাস পার্টির জেলা সাধারণ সম্পাদক শামসুদ্দিন খালেদ সেলিম, নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, আইন সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ইন্দু নন্দন দত্ত, নগর জাসদের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুল, নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া পদযাত্রা আমতলা, নিউ মার্জেট, কোতোয়ালি মোড়, লালদীঘির পাড়, সিনেমা প্যালেস হয়ে আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয়।