এসপিপত্নী মিতু হত্যায় শাহজাহান ফের রিমান্ডে
চট্টগ্রামে এসপিপত্নী মাহমুদা আক্তার মিতু হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার শাহজাহান মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় তিন দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
চট্টগ্রামের মহানগর হাকিম হারুন-অর-রশিদ পুলিশের করা এক রিমান্ড আবেদনের শুনানি করে বৃহস্পতিবার এ আদেশ দেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিতু হত্যা মামলায় শাহজাহানকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।
“শুনানি শেষে আদালত তিনদিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন।”
এর আগে এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত ১৭ জুলাই শাহজাহানকে তিনদিনের হেফাজতে পেয়েছিল পুলিশ।
ওইদিন তার সঙ্গে সাইদুল ইসলাম শিকদার ওরফে সাকু ও এহতেশামুল হক ভোলা নামে মামলার আরও দুই আসামিকে রিমান্ডে পাঠায় আদালত।
গত ১ জুলাই চট্টগ্রামে রাঙ্গুনিয়া থেকে সাইদুল ইসলাম শিকদার ওরফে সাকু ও শাহজাহানকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। আর মিতু হত্যাকাণ্ডে ‘অস্ত্র সরবরাহকারী’ ভোলাকে গ্রেপ্তার করা হয় গত ২৮ জুন।
গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রাম নগরীর ও আর নিজাম রোডে সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু।
এ মামলায় আনোয়ার ও ওয়াসিম নামে গ্রেপ্তার দুজনের দেওয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারী হিসেবে শাহজাহানের নাম আসে।
তাদের স্বীকারোক্তির পর গত ২৮ জুন নগরীর বাকলিয়া থেকে ভোলা ও তার সহযোগী মনিরকে দুটি অস্ত্রসহ গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।
ভোলাকে অস্ত্র ও হত্যা মামলায় এবং মনিরকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তাদের দুজনকে অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এর আগে তিনদিন করে হেফাজতে নিয়েছিল পুলিশ।
